চাভেজের শেষ দিনগুলো যেমন কেটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের সংক্রমণে দুই বছর ভোগার পর গত মঙ্গলবার মারা গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। তাঁর অসুস্থতার খবর পুরো বিশ্বের সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে থেকেছে। কিন্তু তিনি কোথায়, কীভাবে চিকিত্সা নিয়েছিলেন বা কীভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন, সেসব ব্যাপারে জানা গেছে খুবই কম। তাঁর মৃত্যুর পর এসব বিষয় প্রকাশিত হতে শুরু করেছে। অসুস্থতার সময় তাঁর পাশে ছিলেন এমন ব্যক্তিরা বলছেন, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতায় ভুগে মারা যাওয়ার আগের দিন তিনি কোমায় চলে গিয়েছিলেন।চাভেজ যে ক্যানসারে আক্রান্ত, এমন গুজব অনেক দিন থেকে চললেও ২০০১ সালের জুনে ভেনেজুয়েলার সরকার প্রথমবারের মতো তাঁর অসুস্থতার কথা স্বীকার করে। তবে চাভেজের অসুস্থতার খবর গোপন রাখতে যথাসম্ভব চেষ্টা করা হয়।৫৮ বছর বয়সী চাভেজের শেষ কয়েকটি দিন কেটেছিল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে।এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, মৃত্যুর কয়েক মাস আগে কিউবায় চিকিত্সা নিতে যান চাভেজ। তিনি যখন কিউবার রাজধানী হাভানা ও ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চিকিত্সাধীন ছিলেন, সে সময় ভেনেজুয়েলার মন্ত্রিপরিষদের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে চাভেজের মতামতের প্রয়োজন হলে মন্ত্রীরা আইপ্যাড ও এ ধরনের যন্ত্রের সাহায্য নিতেন। সে সময় চাভেজ কথা বলতে পারতেন না; শ্বাস নিতেন টিউবের সাহায্যে।ওই কর্মকর্তা আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাওয়াকে দায়িত্ব দেওয়ার আগে চাভেজের সঙ্গে সলাপরামর্শ করেছিলেন মন্ত্রীরা। চাভেজকে কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নামের তালিকা দেওয়া হয়। তিনি একটিতে টিক চিহ্ন দেন। পরে ইলিয়াসের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।২০১১ সালে রোগে আক্রান্ত হওয়ার পর চাভেজের নিতম্ব থেকে ‘বেসবল আকৃতির’ একটি টিউমার অপসারণ করা হয়। তখন থেকে গোপনীয়তা বজায় রাখা হয়। বিশ্লেষকেরা ধারণা করছেন, সম্ভবত নিজের অসুস্থতা গোপন করতে চাভেজ কিউবায় চিকিত্সা করান। কিউবায় গণমাধ্যম রাষ্ট্রনিয়ন্ত্রিত। তবে দেশটিতে চিকিত্সাব্যবস্থা ওই অঞ্চলের সেরা।চারবার অস্ত্রোপচার করা হয় চাভেজের দেহে। শেষটি করা হয়েছিল ডিসেম্বরের ১১ তারিখে। এ অস্ত্রোপচারটি ছিল খুবই জটিল। চাভেজ যখন চিকিত্সার জন্য হাভানার উদ্দেশে রওনা দেন, সে সময় তিনি তাঁর বন্ধুদের বলেছিলেন, ‘নিশ্চিত থাকো, ফিরে আসছি।’ফুসফুসে ক্যানসারের বিস্তারচাভেজ দেশে ফিরেছিলেন সত্যি, কিন্তু জনসম্মুখে আসতে পারেননি। দুজন সূত্র জানিয়েছেন, শ্বাসপ্রশ্বাসের জটিলতায় মঙ্গলবার দুপুরে মারা যান চাভেজ। তাঁর ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়েছিল।২০১১ সালের মাঝামাঝি সময় চাভেজের অন্ত্রে দুবার অস্ত্রোপচার করা হয়। এ সময় একটি টিউমার অপসারণ করা হয়েছিল। ভেনেজুয়েলার স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা বলেন, ক্যানসার যে চাভেজের দেহের নিম্নাংশে মাংসপেশি ও হাড়ের মধ্যে ছড়িয়ে পড়েছে তা চিকিত্সকেরা ওই সময়ে দেখতে পান।২০১২ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন চাভেজ। এ সময় তিনি কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিচ্ছিলেন। তাঁর দেহে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু নির্বাচনের জন্য প্রচারাভিযান জরুরি ছিল। তাই ব্যথা এড়াতে তিনি উঁচু মাত্রার ওষুধ নিতেন। প্রচারাভিযানের শেষ দিনে চাভেজকে কয়েক ঘণ্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এ ধকল আর সয়নি। অসুস্থ হয়ে পড়েছিলেন। পরের সমাবেশটি বাতিল করে দেওয়া হয়। ৭ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চাভেজের দল। নিকটতম প্রার্থীর চেয়ে তিনি প্রায় ১১ শতাংক ভোট বেশি পেয়েছিলেন। এরপর কয়েক দফায় তিনি জনসম্মুখে এলেও কয়েক সপ্তাহ পর চিকিত্সা নিতে কিউবায় ফিরে যান।১১ ডিসেম্বরের অস্ত্রোপচার চলে ছয় ঘণ্টা ধরে। এরপরও তাঁর রক্তক্ষরণ চলছিল। ফুসফুসে সংক্রমণ শুরু হয়। অস্ত্রোপচারের সময় কয়েক দফায় তাঁর নাড়ি থেমে যায়। চিকিত্সকেরা অনেক চেষ্টা করে তাঁর জ্ঞান ফিরিয়ে আনেন।চাভেজের সংক্রমণ ঠেকাতে কিউবার চিকিত্সকেরা এক নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করেন। কিন্তু তা-ও ব্যর্থ হয়। চিকিত্সকেরা যন্ত্রের সাহায্য তাঁর শ্বাসপ্রশ্বাস নিয়মিত রাখার চেষ্টা করেন। শেষ কয়েক দিন কেবল নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করেছেন চাভেজ। চাভেজের ঘনিষ্ঠ বন্ধু ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস কারাকাসে গেলেও চাভেজের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।২ মার্চ ভেনেজুয়েলার মন্ত্রীরা তাঁর সঙ্গে টানা পাঁচ ঘণ্টা বৈঠক করেন। এরপর তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। সোমবার তিনি কোমায় চলে যান। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সোয়া চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।