পৃথিবীর অত্যন্ত বিরল পাখি চামচঠোঁটের বাটানের দেখা মিলেছে সোনাদিয়া দ্বীপে। কক্সবাজারের এই দ্বীপে অন্যান্য তীরখুঁটা পাখির সঙ্গে ২৫টি স্পুনবিল স্যান্ডপাইপার বা চামচঠোঁটের বাটানের দেখা পেয়েছে জেজ বার্ড, অ্যালেক্স লিজ ও রব মার্টিনের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের পাখিবিদদের একটি দল। দলটির সঙ্গে কাজ করার সময় বাংলাদেশি পাখিদর্শক ও আলোকচিত্রী সায়েম চৌধুরী পাখিগুলোর ছবি তোলেন।দূরপ্রাচ্যের চুকোটকা এলাকায় এ পাখি ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়। পাখিবিদেরা ১৯৭০ সালে এ পাখির সংখ্যা অনুমান করেছিলেন দুই হাজার থেকে দুই হাজার ৮০০ জোড়া। ২০০০ সালে এ সংখ্যা কমে আসে হাজার জোড়ায়। পাখিগুলোর সংখ্যা এত দ্রুত কমতে থাকে, যাতে আন্তর্জাতিক পাখিবিদেরা ২০০৮ সালে খোঁজখবর করতে গিয়ে দেখতে পান, এদের সংখ্যা ১৫০ থেকে ৩২০ জোড়ায় পৌঁছেছে। চুকোটকা এলাকার ৬০টি এলাকায় এ পাখির চারণভূমি ছিল। এই পাখি নিশ্চিহ্ন হওয়ার কারণ অনেক। এই পাখি ছিল বেরিং সাগরের চুকোটকা ও কোরইয়াকিয়া দ্বীপের নিজস্ব পাখি। কিন্তু শীতকালটা তারা কাটাত দক্ষিণ এশিয়ার চরগুলোতে। পাখির বাসা নষ্ট হওয়া ও আবহাওয়ার পরিবর্তনই এ পাখির অন্তিমকাল ঘনিয়ে এনেছে। ছোট আকারের এ পাখির ঠোঁটের সামনের অংশ চ্যাপটা, অনেকটা চামচের মতো।