ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের চামেলি ভবনের পাঁচ তলার বর্ধিত একটি অংশ আজ সোমবার ভেঙে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চামেলি ভবনের বর্ধিত তলার কাজ শেষ হয়েছে এ বছরের মার্চে। কিন্তু মাত্র ছয় মাস পরই ভবনটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। ভবনের ছাত্রীরা জানান, আজ বিকেলে হঠাত্ করেই ১০ থেকে ১২ ফুট লম্বা একটি অংশ ভেঙে পড়ে। ভাঙা অংশ চার তলায় ধাক্কা খেয়ে নিচের বাগানে পড়ে যায়। ঘটনার পরপরই উপাচার্য, হল প্রাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, বুয়েটের প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন।হলের প্রাধ্যক্ষ ও ভবন নির্মাণকাজ পরিদর্শন কমিটির সদস্য লায়লা নূর প্রথম আলোকে বলেন, প্রাথমিক পরিদর্শনে আরও কিছু জায়গায় ফাটল দেখা গেছে। নির্মাণ-ত্রুটির কারণে এমনটি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, সৌন্দর্যবর্ধনকারী এ অংশে রডের ব্যবহার ঠিকমতো হয়নি। ভবনটি বসবাসের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, আশির দশকে চামেলি ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রাথমিকভাবে তিন ব্লকের এ ভবনের দুটি ব্লকের কাজ চারতলা ও একটি ব্লকের কাজ দোতলা পর্যন্ত শেষ হয়। সিট সংকটের কারণে দোতলা ব্লকে প্রথমে চারতলা ও পরে সব ব্লককেই পাঁচ তলায় উত্তীর্ণ করা হয়।