চামড়ার দর নিয়ে সংকট
চামড়ার দর নিয়ে সংকট দেখা দিয়েছে। মৌসুমি ব্যবসায়ী ও আড়তগুলো নির্ধারিত দরের চেয়ে বেশি দামে চামড়া কিনেছে। কিন্তু ট্যানারি মালিকেরা এখন বেশি দরে চামড়া কিনতে চাইছেন না। ফলে অতিরিক্ত দামে চামড়া নিয়ে বিপাকে আছেন আড়ত মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা।জানা গেছে, আড়ত মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা এবার ট্যানারি মালিকদের নির্ধারণ করে দেওয়া দরের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি দামে চামড়া কিনেছেন। অর্থাৎ প্রতি বর্গফুট চামড়া ২৫-৩০ টাকা বেশি দামে কেনা হয়।অথচ কোরবানির আগেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে কাঁচা চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। নির্ধারিত দর ছিল ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা। এ ছাড়া ঢাকার বাইরে গরুর চামড়ার সর্বোচ্চ দর প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা করা হয়েছিল।কোরবানির চামড়ার দর নিয়ে এই সংকট কাটাতে আজ রোববার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন প্রথমে নিজেদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পরে আড়ত মালিকদের সঙ্গে বৈঠক হবে। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশন বলেছে, কোনো অবস্থাতেই প্রতি বর্গফুট চামড়া ৯০ টাকায় কেনা সম্ভব নয়। এই চামড়া ৭০ টাকার বেশি দিয়ে কেনা হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না।নির্ধারিত দরের চেয়ে বেশি দামে চামড়া কেনা প্রসঙ্গে আড়ত মালিকেরা জানিয়েছেন, কোরবানির আগে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে। এ কারণে ভালো মানের চামড়া বেশি দামে কেনা হয়েছে। ঢাকায় চামড়ার গুণগতমানই বেশি ভালো ছিল। তবে ঢাকার বাইরে নির্ধারিত দরেই অধিকাংশ ক্ষেত্রে চামড়া কেনা হয়েছে। তাঁদের অভিযোগ, ট্যানারি মালিকেরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছেন। ট্যানারি মালিক ও কাঁচা চামড়ার আড়ত সূত্রে জানা গেছে, এবারের ঈদে পশু কোরবানির সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এর ফলে এবার কাঁচা চামড়ার জোগান গত ঈদ মৌসুমের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়বে। সাধারণত সারা বছর যে চামড়া সংগ্রহ করা হয়, তার ৪০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানি মৌসুমে।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্বমন্দার কারণে চলতি বছর আন্তর্জাতিক বাজারে চামড়ার দর কমে গেছে। এ কারণে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে পশুর চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়। তবে আড়ত মালিকেরা বেশি দামে চামড়া কেনায় তাঁরা প্রতি বর্গফুট চামড়া ৬৫ টাকায় কিনছেন। আড়ত মালিকদের সঙ্গে আলোচনায় হয়তো সর্বোচ্চ আরও পাঁচ টাকা বাড়ানো যেতে পারে। তবে কোনো অবস্থায় প্রতি বর্গফুট ৯০ টাকায় কেনা যাবে না।এক প্রশ্নের জবাবে শাহীন আহমেদ বলেন, ঈদের আগে প্রতি বর্গফুট গরুর চামড়া ৮০ থেকে ৯০ টাকায় কেনা হয়েছে। কারণ সে সময় অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে চামড়ার জোগান কমে গিয়েছিল। তাই অনেকে কারখানা চালাতে বেশি দামে কিনেছেন। কিন্তু চামড়ার জোগান স্বাভাবিক হলে অতিরিক্ত দামে কেনা সম্ভব নয়।মো. শাহীন আহমেদের হিসাবে, এবার সব মিলিয়ে সারা দেশে প্রায় ৬০ লাখ গরু ও খাসি কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ থেকে ৪৫ লাখ গরু। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় চামড়া কেনাবেচায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অনেক এলাকায় মহল্লার ছেলেরা নিজেরাই চামড়া কিনে ফড়িয়াদের কাছে বিক্রি করে দিয়েছেন। এ কারণে দাম বেড়েছে। তিনি জানান, ঢাকার ভেতর থেকে প্রায় ৮০ শতাংশ চামড়া আড়তে চলে এসেছে। ঢাকার বাইরের চামড়া এখনো আসা শুরু হয়নি।মোহাম্মদ দেলোয়ার আরও জানান, রাজধানীর পোস্তার আড়তে আকার ভেদে প্রতিটি গরুর চামড়া দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। বেশি বড় আকারের গরুর চামড়ার দর ছিল তিন হাজার টাকা। আর প্রতিটি খাসির চামড়া ২০০ থেকে ২৫০ টাকায় কেনাবেচা হয়েছে।