চামড়ার বাজারে অস্থিরতা
রাজধানীতে কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত বুধবার ঈদের দিন দুপুরে গরু ও ছাগলের চামড়া মৌসুমি ব্যবসায়ীরা অপেক্ষাকৃত বেশি দামে কিনলেও, সন্ধ্যায় তা নির্ধারিত দামের চেয়েও কমে যায়। ফলে অনেকেই চামড়া কিনতে পারেননি।এই পরিস্থিতির জন্য আড়তদার ও ট্যানারির মালিকেরা মৌসুমি ব্যবসায়ীদের দায়ী করেছেন। কয়েকজন আড়তদার বলেন, মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনে বাজার নষ্ট করেছেন। এমনকি আড়তদারদের সঙ্গে সংশ্লিষ্ট ফরিয়াদের চামড়া কেনার জন্য বিভিন্ন এলাকায় ঢুকতেও বাধা দিয়েছেন তাঁরা।পাল্টা অভিযোগ করে মৌসুমি ব্যবসায়ীরা বলেন, আড়তদার ও ট্যানারির মালিকেরা দাম নির্ধারণ করে দিলেও নিজেরাই ফরিয়া নিয়োগ করে প্রথমে দাম বাড়িয়ে দিয়ে সরে পড়েন। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য শত শত ব্যবসায়ীকে পথে বসানোর জন্যই এই ফাঁদ পেতেছিলেন আড়তদারেরা।রাজনৈতিক পরিচয়ে ক্রয়: ঈদের দিন গত বুধবার থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য বিভিন্ন গলির মুখে, রাস্তার মোড়ে ও বিভিন্ন এলাকায় ছাউনি টানিয়ে চৌকি তৈরি করে চামড়া কিনছেন মৌসুমি ব্যবসায়ী, আড়তদারদের ফরিয়া ও ট্যানারির মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট ক্রেতারা।অনেক স্থানে চামড়ার বেচাকেনা নিয়ে বাগিবতণ্ডা ও ঝগড়ার ঘটনাও ঘটেছে। আড়তদারেরা অভিযোগ করেছেন, কয়েক দিনের জন্য অস্থায়ী ব্যবসায়ীরা এলাকায় ক্লাব ও রাজনৈতিক পরিচয়ে চামড়া কিনেছেন। অন্য কেউ কিনতে গেলে তাঁদের বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, এবার মসজিদ ও মাদ্রাসায় গিয়ে রাজনৈতিক পরিচয় দিয়ে জোর করে চামড়া ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এমনকি আড়তদারদের নিয়োজিত ফরিয়াদের কোনো কোনো এলাকা থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।আড়তদার সমিতির একজন বলেন, লালবাগ রোড ও আমলীগোলায় ঈদের দিন দুপুরে নিজ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে এলাকার একদল মৌসুমি ব্যবসায়ী উঠতি যুবকের বাধার মুখে পড়েন আজহারুল ইসলাম। ওই যুবকেরা ভেবেছেন, আজহার চামড়া কিনতে এলাকায় ঢুকছেন। তাঁকে আত্মীয়ের বাসায় যেতেই দেওয়া হয়নি। একই অবস্থার শিকার হয়েছেন আড়তদারদের অনেক ফরিয়া।পাল্টা অভিযোগ করে মৌসুমি ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ওই অভিযোগ ঠিক নয়। প্রথমে নির্ধারিত দামের বাইরে গিয়ে পোস্তার আড়তদার আফতাব হোসেন প্রতি বর্গফুট গরুর চামড়া ১১০ টাকা দরে কিনতে শুরু করেন। এরপর এই দাম তিনি ফোন করে বিভিন্ন এলাকায় প্রচার করে সরে পড়েন। কিন্তু এতে বিপাকে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ীরা বলেন, ট্রাকে ভরে চামড়া আড়তে নিয়ে যাওয়ার পর দাম না বলেই জোর করে নামিয়ে নেওয়া হয়েছে। সফিকুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি কইছি, আপনাগো নির্ধারণ করা দামডা দেন। হেয়াও দেয় নাই।’এ প্রসঙ্গে আড়তদার সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রশ্ন করে বলেন, ‘এত চামড়া গেল কোথায়? আর আমরা সরে পড়ব কীভাবে? আমাদের তো এলাকায় ঢুকতেই দেয়নি। অনেক স্থানেই রাজনৈতিক পরিচয়ে জোর করে চামড়ার বেচাকেনা হয়েছে। সবই তো ওনারা ইচ্ছামতো দামে কিনেছেন। ওনারাই তো বাজারটাকে নষ্ট করে ফেলছেন!’সংরক্ষণ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা: জানা গেছে, ঈদের দিন দুপুর থেকে নগরের বিভিন্ন এলাকায় অস্থায়ী চৌকিগুলোতে প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। এই হিসাবে একেকটি গরুর চামড়ার দাম পড়েছে দুই থেকে আড়াই হাজার টাকা। এই দামেই বিকেল পর্যন্ত বেচাকেনা হয়। ঈদের দিন সন্ধ্যা থেকে পোস্তা ও হাজারীবাগে চামড়ার বেচাকেনা শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে চামড়াভর্তি ট্রাক এসে জড়ো হয় হাজারীবাগে ও পোস্তায়।সন্ধ্যার সময় দেখা যায়, ট্রাকের দীর্ঘ লাইন হাজারীবাগ থেকে শুরু হয়ে পোস্তা থেকে চানখাঁরপুল ছাড়িয়ে গেছে। এ সময় চামড়াভর্তি মোট চার হাজার ১০০ ট্রাক লাইনে ছিল বলে আড়তদারেরা জানান। তবে সাধারণত দুই থেকে তিন দিন চামড়াভর্তি ট্রাকের দীর্ঘ লাইন পোস্তায় থাকে। কিন্তু এবার গতকাল শুক্রবারও লাইন ছিল না।এ ব্যাপারে কয়েকজন মৌসুমি ব্যবসায়ী জানান, বুধবার সন্ধ্যায় চামড়া নিয়ে আড়তে গিয়ে যখন দাম কম দেখতে পান, তখনই তাঁদের মাথায় হাত পড়ে যায়। তাঁরা কেউ আর চামড়া নিয়ে আড়তমুখী হননি। ব্যবসায়ীদের একজন মকবুল হোসেন বলেন, তিনি গরুর চার হাজার পিস চামড়া কিনেছেন। কিন্তু যখন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না শুনেছেন, তখনই তিনি লবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করেছেন। পড়ে বিক্রি করবেন।লক্ষ্যমাত্রা ও নির্ধারিত দাম: বিটিএর সভাপতি বলেন, এ বছর গরু-ছাগল নিয়ে সর্বমোট চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ থেকে ৫৫ লাখ। প্রতি বছর কোরবানির বাজার পরিস্থিতি বর্ণনা করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘আমরা প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু চামড়ার মান না বুঝে এলোপাতাড়ি বেশি দামে কিনে বাজার অস্থিতিশীল করা হয়েছে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেশি দামে কোনো চামড়া কিনব না।’ বিটিএ ১৫ নভেম্বর ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা। এ ছাড়া, ছাগল ও খাসির চামড়ার দাম ঠিক করা হয় ঢাকায় প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং ঢাকার বাইরে ২০ থেকে ২৫ টাকা।