এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৯ জুলাই এসেছিলেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড, ইউনিট-১-এর উপব্যবস্থাপক (চিফ ডিজাইন) শ্যামল চন্দ্র সরকার। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। চামড়াশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা।কথাবন্ধু: লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টি পড়ে কোন বিভাগে ক্যারিয়ার গড়া সম্ভব?শ্যামল চন্দ্র সরকার: বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করে অনেকেই এ পেশায় আসছেন। এখানে ফুটওয়্যার এবং লেদার প্রডাক্ট অর্থাৎ চামড়াজাত পণ্য নিয়ে পড়াশোনার বিষয় রয়েছে। ফুটওয়্যার হলো পাকা চামড়াটাকে একটি ডিজাইন বা নকশা করে পরিপূর্ণ জুতা তৈরি করে ব্যবহার উপযোগী করা। আর লেদার প্রডাক্ট হলো চাবির রিং, মানিব্যাগ, বেল্ট—এগুলো নিয়ে কাজ করা। তাই এখানে যেকোনো বিভাগেই লেখাপড়া করে পেশা গড়া সম্ভব। কথাবন্ধু: দেশি বা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য উচ্চতর কোনো ডিগ্রির প্রয়োজন আছে কি না?শ্যামল চন্দ্র সরকার: যেকোনো প্রতিষ্ঠানেই দক্ষ কর্মীর অভাব রয়েছে। এ জন্য যে যত বেশি দক্ষ, তাঁর সুযোগ এখানে তত বেশি। দেশের বাইরে থেকেও এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া যায়। আমাদের দেশ থেকে অনেকেই এ বিষয়ে দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিচ্ছে এবং বিদেশের অনেক প্রতিষ্ঠানেই কর্মরত আছে।কথাবন্ধু: লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারকে কী কী কাজ করতে হয়?শ্যামল চন্দ্র সরকার: একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী চাইলে চামড়াশিল্পের প্রতিটি ক্ষেত্রেই কাজ করতে পারেন। তিনি শুধু ডিজাইন বা নকশা করবেন, তা কিন্তু নয়। ইচ্ছা করলে কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলার হতে পারেন। প্রডাকশনে কাজ করতে পারেন। সুইং অথবা লাস্টিংয়েও থাকতে পারেন। যদি তাঁর কাজ করার স্পৃহা থাকে, তাহলে তিনি যেকোনো ক্ষেত্রেই যেতে পারেন এবং দক্ষতা দিয়ে কাজ করতে পারেন।কথাবন্ধু: এ বিষয়ে পড়াশোনা করে কেউ চাকরির সুযোগ পেতে বা উদ্যোক্তা হতে চাইলে তাঁকে কীভাবে প্রস্তুতি নিতে হবে?শ্যামল চন্দ্র সরকার: বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তাঁকে খোঁজ নিতে হবে। কোথায়, কখন লোক নেওয়া হবে তা জানতে হবে। চামড়াশিল্পের বর্তমান বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণ মূলধন নিয়ে ব্যবসায় আসতে হবে। এ ছাড়া দেশের বাইরেও এ পেশায় অনেক সুযোগ রয়েছে।কথাবন্ধু: দেশে ও দেশের বাইরে কোন ধরনের প্রতিষ্ঠানে এ বিষয়ে কাজ করার সুযোগ আছে?শ্যামল চন্দ্র সরকার: এ জন্য অবশ্যই চেষ্টা থাকতে হবে। ব্যাংকেও এখন চামড়াশিল্পের প্রকৌশলীদের প্রয়োজন রয়েছে। দেশের বিভিন্ন ট্যানারি এখন ব্যাংক থেকে লোন নিচ্ছে। তাই এ বিভাগে ব্যাংকগুলোরও দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে।দেশের এবং দেশের বাইরেও অনেক সুযোগ রয়েছে। বর্তমানে নাইকিতেও অনেকে চাকরি করছেন।কথাবন্ধু: এ জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন আছে কি না?শ্যামল চন্দ্র সরকার: অভিজ্ঞতার কোনো শেষ নেই। যেকোনো প্রতিষ্ঠানেই অভিজ্ঞ কর্মীদের কদর রয়েছে। পড়াশোনার সময় অনেকেই খণ্ডকালীন চাকরি করে এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন। এরপর পড়াশোনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন। আমাদের দেশে লেদার ইঞ্জিনিয়ারদের অনেক অভাব রয়েছে। সেজন্য এখানে দক্ষ কর্মীদের জন্য সুযোগ অনেক। তাই পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চাকরি পাওয়া সম্ভব। কথাবন্ধু: বর্তমানে দেশে চামড়া শিল্পের অবস্থা কেমন? শ্যামল চন্দ্র সরকার: আমাদের দেশ থেকে চামড়া এখন বিদেশে রপ্তানি হচ্ছে। মাঝে কিছু দিন বন্ধ ছিল। বর্তমানে চামড়া শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকার আশপাশ ও চট্টগ্রামে এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে। এ বিভাগে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। দেশে যত বেশি ফুটওয়্যার থাকবে, তত প্রকৌশলী দরকার হবে। বাংলাদেশ যথেষ্ট কাঁচামাল রয়েছে। ভবিষ্যতে এটি একটি বড় শিল্প মাধ্যম হয়ে উঠবে।কথাবন্ধু: অন্য কোনো বিষয়ে পড়ে এ পেশায় ক্যারিয়ার গড়া সম্ভব কি না?শ্যামল চন্দ্র সরকার: অ্যাপেক্সে প্রতি মাসে কমপক্ষে ২০০ থেকে ৩০০ লোককে প্রশিক্ষণ দেওয়া হয়। চারুকলা এবং আর্ট কলেজ থেকেও অনেকেই এ বিভাগে আসছেন। তবে সবাই যে চারুকলা বা লেদার ইঞ্জিনিয়ারিং থেকেই আসেন, তা কিন্তু নয়। অন্যান্য বিভাগ থেকেও অনেকেই এখানে আসছেন। শিক্ষাগতযোগ্যতা অবশ্যই দরকার রয়েছে। তবে তা অভিজ্ঞতার ওপরও নির্ভর করে। শ্রমিকদের জন্য শিক্ষাগতযোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী হতে হবে। তাই যে কেউ এ শিল্পে পেশা গড়তে পারেন। আগ্রহ থাকলে আপনি এ ক্ষেত্রে সব জায়গায় কাজ করতে পারবেন। কথাবন্ধু: এ বিষয়ে পড়াশোনা করার সময় কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির সুযোগ আছে কি?শ্যামল চন্দ্র সরকার: এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেকেই খণ্ডকালীন চাকরি করছেন। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যে সময়টুকু পান, তখন তাঁরা ওই নির্দিষ্ট সময়ে বিভিন্ন ট্যানারিতে খণ্ডকালীন চাকরি করেন। এভাবেই একজন শিক্ষার্থী সহজেই অভিজ্ঞতা অর্জন করতে পারেন। পড়াশোনা শেষে তাঁরা যেকোনো প্রতিষ্ঠানে ফুটওয়্যার এবং যেকোনো ট্যানারিতে কাজ করতে পারেন। কথাবন্ধু: আমাদের দেশে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা কতটুকু?শ্যামল চন্দ্র সরকার: বাংলাদেশে চামড়া শিল্পে অনেক সুযোগ রয়েছে। এ শিল্প বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে। দেশে এখন অনেক চামড়া শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে। বিদেশি অনেক প্রতিষ্ঠানও আমাদের দেশে গড়ে উঠছে। নতুন নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। তৈরি পোশাক শিল্পের মতো চামড়াশিল্পও একদিন অনেক দূর এগিয়ে যাবে।গ্রন্থনা: সুদীপ দে