চার অঞ্চলে ভাগ হচ্ছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চারটি অঞ্চলে ভাগ করা হবে। ১২টি সেক্টরের সঙ্গে আরও যোগ করা হবে নতুন চারটি সেক্টর। আজ মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন।মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুজনকে বীরশ্রেষ্ঠ, আটজনকে বীর উত্তম, ৩২ জনকে বীর বিক্রম ও ৭৭ জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। এঁদের মধ্যে আজ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং ঢাকা অঞ্চলের ১৫ জন বীর প্রতীকসহ ৫৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের হাতে নগদ টাকাসহ উপহার সামগ্রী তুলে দেন সাহারা খাতুন। স্বরাষ্ট্রমন্ত্রী ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে বর্বরোচিত হত্যাকাণ্ডের দুঃখজনক ঘটনা ভুলে বিজিবিকে তাদের সুনাম সুপ্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, বিডিআর হত্যা মামলায় বিচার এখন শেষ পর্যায়ে। এ হত্যাকাণ্ড ও লুটতরাজের সঙ্গে জড়িতদের আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ও হবে।বিজিবির এক বছর পূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী-শিশু পাচার, মাদক রোধ, অভ্যন্তরীণ সীমানা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজিবির সমস্যা সমাধানে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে।