চার অনুষদ, প্রশাসনিক ভবনে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গতকাল শনিবার নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন। বেলা সোয়া দুইটার দিকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় নগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত পৌনে আটটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাঁরা চারটি অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীরা শরীরের রক্ত দিয়ে দেয়ালে লিখে বেতন-ফি বাড়ানোর প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শাটল ট্রেনে করে বেলা সোয়া দুইটা থেকে ষোলশহর স্টেশনে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা স্টেশনের সামনে সড়ক অবরোধ করে রাখেন। বেলা সাড়ে তিনটার দিকে মিছিল নিয়ে তাঁরা ষোলশহর ২ নম্বর গেটের মোড়ে অবস্থান নেন। সেখানে মাইক লাগিয়ে তাঁরা গণসংগীত পরিবেশন আর বক্তৃতা করেন। এ সময় ষোলশহরের চারদিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়। তাঁরা উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেছি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বেশি নয় বলে তাঁরা দাবি করেছেন।’ উপকমিশনার বলেন, ‘একপর্যায়ে আমরা শিক্ষার্থীদের বলেছি, তাঁদের অবরোধ এবং দাবি দাওয়ার বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। এর পরই শিক্ষার্থীরা রাত পৌনে আটটার দিকে অবরোধ তুলে নেয়।’ তিনি বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তবে আজ রোববার থেকে কোনো শিক্ষার্থীকে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেবে। জানা গেছে, গতকাল শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরের জিইসি মোড়, মুরাদপুর, অক্সিজেন, বহদ্দারহাট, গোলপাহাড়, বায়েজিদ বোস্তামীসহ নগরের বিস্তীর্ণ এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ষোলশহরের ব্যবসায়ী শাহীনুল ইসলাম বলেন, ‘আমি বহদ্দারহাটের পাইকারি বাজার থেকে মাছ কিনে ষোলশহরের বাজারে নিচ্ছিলাম। শপিং কমপ্লেক্সের কাছে আমার রিকশা আটকে দেয় কিছু ছাত্র। মাছ নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে রাস্তায় আটকে থাকতে হয়।’ হাটহাজারী থেকে নগরের টাইগারপাসে যাচ্ছিলেন রোকেয়া বেগম। গাড়িতে কষ্ট করে নগরের মুরাদপুর পর্যন্ত আসেন। এরপর পায়ে হেঁটে তিনি টাইগারপাসে যান। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন শের মোহাম্মদ। নগরের জিইসি মোড় পর্যন্ত এসে তিনি আটকা পড়েন দীর্ঘক্ষণ। পরে পায়ে হেঁটে বহদ্দারহাট গিয়ে তিনি কক্সবাজারের গাড়িতে ওঠেন। ক্যাম্পাসে বিক্ষোভ, তালা: বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভে যোগ দেন। ফলে প্রায় অচল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে বিক্ষোভ মিছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সব ফটকে তালা লাগিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। রক্তে লিখে প্রতিবাদ: ক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী তাঁদের শরীরের রক্ত দিয়ে প্রশাসনিক ভবনের দেয়ালে তিন দফা দাবি লিখে রাখেন। দাবিগুলো হচ্ছে, অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার, সুজনের বহিষ্কারাদেশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের কোনো ধরনের প্রশাসনিক হয়রানি না করা। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহ আলম বাদী হয়ে ১১ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন। আসামিদের মধ্যে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের কয়েকজন নেতা রয়েছেন।নতুন কর্মসূচি: দাবি মেনে নেওয়া না হলে আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয়গামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আজ বিকেল চারটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-বুদ্ধিজীবী-অভিভাবক সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।