চার অপারেটরের টুজি লাইসেন্স নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাসের জটিলতার অবসান ঘটিয়ে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স হাতে পেয়েছে দেশের চার মুঠোফোন অপারেটর। গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধিদের হাতে নবায়ন করা ১৫ বছর মেয়াদি লাইসেন্স তুলে দিয়েছেন।১ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় অপারেটরদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মীমাংসা করে সাত দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়। এর পরদিন চার অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। টুজি লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটরকে সব মিলিয়ে প্রায় সাত হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। ২০১১ সালের নভেম্বরে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়।টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘নয় মাস পর আজ লাইসেন্স নবায়নের মাধ্যমে বিটিআরসি ও অপারেটরদের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি হলো। ভবিষ্যতে অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা নিজেরাই আলোচনা করে তার সমাধান করবে।’টেলিযোগাযোগ খাতে আরও নতুন বিনিয়োগ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য বিটিআরসিকে উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে থ্রিজি (তৃতীয় প্রজন্ম প্রযুক্তি) আসছে। সব অপারেটর যেন এ সেবা চালু করতে পারে সে জন্য ব্যবস্থা নিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘টুজি লাইসেন্স নবায়নের মাধ্যমে প্রমাণিত হলো, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত।’ এ খাতে আরও বিদেশি বিনিয়োগের জন্য বিটিআরসিকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন তিনি।রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুনার, বাংলালিংকের প্রধান কারিগরি কর্মকর্তা (চিফ টেকনিক্যাল অফিসার) আহমেদ ফাদি, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুজি লাইসেন্স নবায়নের জন্য বিটিআরসি গত বছরের ১১ সেপ্টেম্বর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করলেও অপারেটরদের সঙ্গে মতবিরোধের কারণে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তখন থেকে অপারেটররা অন্তর্বর্তী অনুমোদনের মাধ্যমে সেবা দিয়ে আসছিল। গত বছর ঘোষিত নীতিমালা অনুযায়ী, লাইসেন্স নবায়নের জন্য প্রথম কিস্তিতে দিতে হবে ৪৯ শতাংশ টাকা। এর ১৮০ দিন পর দ্বিতীয় কিস্তির ২৯ শতাংশ এবং তার এক বছর পর বাকি ২২ শতাংশ টাকা জমা দেওয়ার কথা। প্রথম কিস্তিতে তিন হাজার ১৮৪ কোটি ২৪ লাখ টাকা গত বছরের নভেম্বরেই জমা দেয় অপারেটররা। তবে এ সময় ভ্যাট ও মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) বাবদ ৭৮৪ কোটি ৯০ লাখ টাকা কেটে রাখে চার অপারেটর। বর্তমানে এ টাকা নিয়ে গ্রামীণফোন ও রবির মামলা আপিল বিভাগে এবং বাংলালিংকের মামলা হাইকোর্টে বিচারাধীন। বিটিআরসিও এত দিন তাদের লাইসেন্স নবায়ন করেনি। গত ২৪ জুলাই লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দ ফির দ্বিতীয় কিস্তির টাকা চেয়ে চার অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। কিন্তু তারা লাইসেন্স হাতে না পেয়ে অর্থ দিতে অস্বীকৃতি জানায়। এতে এক আন্তমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এ সমস্যার দ্রুত সমাধানের সুপারিশ করা হয়। এর ধারাবাহিকতায় বিটিআরসি, জাতীয় রাজস্ব বোর্ড ও অপারেটরদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির খসড়া হয়।