পটুয়াখালীর কলাপাড়ার চারটি ইউনিয়নে গতকাল শুক্রবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দু-একটি কেন্দ্রে প্রার্থীদের পক্ষে কেউ কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন, এমন অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।ভোট গ্রহণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে সব জায়গায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা আতঙ্কিত। অনেকেই ছোটাছুটি করছেন। তবে কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষের লোকজন এসে ঘড়ি প্রতীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেন। এ নিয়ে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি হলে ভোটাররা ছোটাছুটি করতে থাকেন। কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এলে পরিস্থিতি শান্ত হয়।ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খালেকুজ্জামান অভিযোগ করেন, ‘তাঁর এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। তাঁরা ভয়ে কথা বলতে পারছেন না। ঘড়ি প্রতীকের পক্ষের এজেন্টরা প্রকাশ্যে ভোট চাইছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি থাকলে পরিস্থিতি শান্ত থাকে। তাঁরা চলে গেলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়।’চাপলি বাজারের শাহজাহান মিয়া বলেন, ‘চর চাপলি কেন্দ্রে আবু তাহের নামের একজন আমাকে ঘড়ি প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে বলেন। কিন্তু আমি রাজি না হওয়ায় চাপলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আমাকে মারধর করা হয়।’তবে ঘড়ি প্রতীকের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল জলিল মাস্টার বলেছেন, অভিযোগকারীরা শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন।গ্রেপ্তার ১১: নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কেন্দ্রের দুলাল মাতুব্বর ও তাঁর সমর্থক কানাই লাল সাহাকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে পূর্ব ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মেম্বার প্রার্থী মোস্তাক আহমেদের ভাই হুমায়ূন কবিরকে সাত দিন ও তাঁর ভাগ্নে সাইদুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া কেন্দ্রে পুলিশের কাজে বাধা দেওয়ায় ইলিয়াস হোসেন নামের একজনকে আটক করে র্যাব।এর আগে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে বৃহস্পতিবার রাতে চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের আকতাউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব।ভোটারদের উৎসাহ: নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। পাখিমারা ইউনিয়নের ফতেহপুর গ্রামের ইউনুস আলী বলেন, ‘কে কোন দলের প্রার্থী, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এলাকার উন্নয়ন চাই। ন্যায়বিচার চাই।’একই ইউনিয়নের পাখিমারা গ্রামের আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আগের চেয়ারম্যান উন্নয়নমূলক কোনো কাজ করেনি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট হয়নি। দল হিসেবে নয়, ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন করব ব্যক্তি হিসেবে। আমরা নতুন প্রতিনিধি চাই। এলাকার উন্নয়ন চাই। যিনি আমাদের এলাকার কাজ করবেন, তাঁকেই নির্বাচিত করব।’