ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৩ শিক্ষানবিশ কনস্টেবলের চারজনকে আজ শুক্রবার রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষানবিশ এই ২৩ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।গেন্ডারিয়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কনস্টেবলদের রাতেই ঢাকার গেন্ডারিয়া থানায় আনা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠালে মহানগর হাকিম মিজানুর রহমান ওই চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যাঁদের রিমান্ড মঞ্জুর হয় তাঁরা হলেন মো. ফিরোজ কবির, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও রনি মিয়া।কারাগারে পাঠানো শিক্ষানবিশ কনস্টেবলরা হলেন: মিনহাজউদ্দিন, জিহাদ আলী, আফজাল হোসেন, ইয়াছিন আলী, মানিক মিয়া, মওদুদ আহমদ, আজিরুল ইসলাম, সুলতান আহমেদ, মজনু মিয়া, আবদুল আলীম, মিজানুর রহমান, রফিকুল হাসান, শাহীন মিয়া, আইনুল ইসলাম, রফিকুল ইসলাম, এনরুল ইসলাম, লিটন, সুমন ও মিনহাজুল ইসলাম।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সারোয়ার জাহান জানান, গ্রেপ্তার হওয়া ২৩ যুবক মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদ দেখিয়ে গত জানুয়ারি মাসে ঢাকার গেন্ডারিয়ার মিলব্যারাকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পান। এরপর নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে তাঁদের ছয় মাসের প্রশিক্ষণ শুরু হয় ৫ ফেব্রুয়ারি থেকে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওই সব যুবকের স্থায়ী ঠিকানা ও সনদ যাচাই করে। এতে তাঁদের অভিভাবকদের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হয়। তিনি জানান, ঢাকা জেলার রিজার্ভ কর্মকর্তা (আরও-১) জাকির রাব্বানী এ ঘটনায় গত ৭ জুলাই গেন্ডারিয়া থানায় এই ২৩ জনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের ১২ জনের গ্রামের বাড়ি গাইবান্ধায়, নয়জনের বগুড়া, একজন টাঙ্গাইল ও একজনের বাড়ি বাগেরহাটে।আজ রাতে থানার কর্তব্যরত এসআই আবদুল আলী জানান, মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দাখিল করে নিয়োগ পাওয়া নারী পুলিশ কনস্টেবল জেসমিন আক্তার বর্তমানে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। তিনি এ মামলার আসামি। তাঁকেও গ্রেপ্তার করা হবে।