মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে সরকারি ছাপাখানা বিজি প্রেসের আরও চার কর্মচারী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। রংপুরে গ্রেপ্তার হওয়া বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে বলেছেন, ৬ জুলাই বিজি প্রেস থেকে তিনি এসব প্রশ্নপত্র পেয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে বিজি প্রেস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের পরিচালক আবুল কাশেমকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিটির সদস্য বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, গতকাল শনিবার থেকেই কমিটি কাজ শুরু করেছে।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, বিজি প্রেসের আরেক কম্পোজিটর শহীদুল ইসলামের কাছ থেকে মোস্তফা প্রশ্ন কেনেন বলে জানিয়েছেন। ঢাকার তেজগাঁও এলাকায় শহীদুল থাকেন। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালালেও তাঁকে পায়নি। বিজি প্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ জুলাইয়ের পর তিনি আর অফিস করেননি। রংপুরের কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, রিমান্ডে মোস্তফা স্বীকার করেন, মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও ১০ বছর থেকে সরকারি উল্লেখযোগ্য কয়েকটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে আগে তিনি কখনোই ধরা পড়েননি।এ ব্যাপারে জানতে চাইলে বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান জানান, শহীদুল ৬ জুলাই হঠাৎ করে ছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু তাঁকে ছুটি দেওয়া না হলেও সেদিন থেকেই তিনি অফিসে আসছেন না। দুই দিন ছুটি ছিল। রোববার অফিসে না এলে ব্যবস্থা নেওয়া হবে।রংপুরের পুলিশ সুপার জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিজি প্রেসের আরও চার কর্মচারী জড়িত বলে জানিয়েছেন মোস্তফা। এই চারজনকে গ্রেপ্তার করতে পারলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তবে এঁদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।এ ব্যাপারে বিজি প্রেসের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। এদের চিহ্নিত করা যাচ্ছে না কেন, জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেক কর্মচারী কাজ করেন। নীতিমালা মেনে গোপনীয়তার সঙ্গে প্রশ্নপত্র ছাপার কাজটি করা হয়। একটি পরীক্ষার অনেক সেট প্রশ্ন করা হয়। কাজেই প্রশ্নপত্র ফাঁস করা কঠিন ব্যাপার। তার পরও যদি কোনো দুষ্টচক্র থেকে থাকে, এবারের তদন্তে সেটি বেরিয়ে আসবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়, সেটিও নিশ্চিত করতে হবে।পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান জড়িত। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে তিনিও কারাবন্দী। তাঁর নিকটাত্মীয় রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর এলাকার আতিক নামের এক ব্যক্তি ৫০ হাজার টাকার বিনিময়ে ভিন্নজগতের ড্রিম প্যালেস বুকিং নেন। পুলিশ তাঁকেও খুঁজছে।মোস্তাফিজার রহমানকে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ জানিয়েছে, রংপুরে গ্রেপ্তার হওয়া সরকারি প্রিন্টিং প্রেসের মুদ্রণ শাখার আরেক কর্মচারী হামিদুল ইসলাম সারা দেশে প্রশ্নপত্র পাঠানোর কার্যক্রম পরিচালনা করতেন।পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, বিজি প্রেসের ভেতরে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরার বেশ কিছু দিনের ভিডিওচিত্র চাওয়া হবে। এই ভিডিওচিত্র থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তাঁর ধারণা।