এবার চারটি কারণে এইচএসসির (উচ্চমাধ্যমিক) ফল খারাপ হয়েছে। আগের তুলনায় পাসের হার কম, জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ জন্য হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেছেন।তবে ফল বিশ্লেষণে দেখা যায়, শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, ফল খারাপ হওয়ার পেছনে আরও তিনটি কারণ দায়ী। এক. নতুন করে আরও তিন বিষয়ে সৃজনশীল প্রশ্ন চালু করা এবং সৃজনশীলের বিষয়গুলোর মধ্যে বাংলা ও রসায়নের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয়েছে। দুই. সৃজনশীল প্রশ্ন তৈরি ও খাতা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা। তিন. উদারভাবে পরীক্ষার খাতা দেখার বিষয়ে বোর্ডগুলোর পক্ষ থেকে খাতা মূল্যায়নকারীদের অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া হতো। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হওয়ায় এবার পরীক্ষকদের এমন পরামর্শ দেওয়া হয়নি।সৃজনশীল বাংলার প্রশ্ন কঠিন: এ বছর প্রথমবারের মতো তিনটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। আগেরবার শুধু বাংলায় সৃজনশীল ছিল। সব বিভাগের শিক্ষার্থীরা বলছেন, এবার বাংলা প্রথম পত্রের প্রশ্ন কঠিন হয়েছে। এমনকি কঠিন বিষয় হিসেবে পরিচিত ইংরেজির চেয়েও কঠিন হয়েছে বাংলার প্রশ্নপত্র। গত বছরের তুলনায় সব বোর্ডে বাংলা বিষয়ে পাসের হার ২ থেকে ৩ শতাংশ কম।শিক্ষার্থী-শিক্ষকেরা বলছেন, পাসের হার বা জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমে যাওয়ার বড় কারণ কঠিন প্রশ্ন। রাজধানীর ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী বাংলা, পদার্থ ও রসায়নের প্রশ্ন এবার কঠিন হয়েছে।ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ বিজ্ঞানের পরীক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন, বাংলা সৃজনশীল প্রশ্ন খুবই কঠিন হয়েছে। পুরোনো ধারায় পদার্থবিজ্ঞানের প্রশ্ন সহজ হলেও এতটাই বর্ণনামূলক ছিল যে বেশির ভাগ পরীক্ষার্থী লিখে শেষ করতে পারেননি। আর রসায়নের সৃজনশীল প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের কাছে কঠিন ছিল।এ বছর ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং পৌরনীতি বিষয়েও প্রথম সৃজনশীল প্রশ্ন হয়েছে। এ বিষয়গুলোর ফলও তুলনামূলক খারাপ হয়েছেরসায়নে সবচেয়ে খারাপ ফল: এ বছর প্রথম রসায়নের প্রশ্নপত্র হয়েছে সৃজনশীল পদ্ধতিতে। কিন্তু গত বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ পরীক্ষার্থী এ বিষয়ে বেশি ফেল করেছেন। ঢাকা বোর্ডে গত বছর রসায়নে পাস করেছিলেন প্রায় ৯১ শতাংশ, এবার পাস করেছেন প্রায় ৮১ শতাংশ শিক্ষার্থী। চট্টগ্রাম, বরিশাল ও দিনাজপুর বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার এই বিষয়ে কমেছে যথাক্রমে ৮, ১৪ ও ১৩ শতাংশ।শিক্ষকদের প্রশিক্ষণের অভাব: রাজধানীর একাধিক কলেজের বিষয়ভিত্তিক কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাত্র তিন দিনের প্রশিক্ষণ দিয়ে উচ্চমাধ্যমিকে সৃজনশীল প্রশ্ন চালু করা হয়েছে। এসব শিক্ষক এবার প্রথম প্রশ্ন করেছেন, খাতা মূল্যায়নও করেছেন প্রথম। এত দিন ধরে তাঁরা যেভাবে পড়াচ্ছেন, প্রশ্ন করছেন ও পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন, তাতে বড় ধরনের পরিবর্তন এলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয়নি।দৃষ্টান্ত হিসেবে শিক্ষকেরা বলছেন, মাধ্যমিকে সৃজনশীল প্রশ্ন চালুর আগে-পরে শিক্ষকেরা চার দফায় এক মাসেরও বেশি প্রশিক্ষণ পেয়েছেন। কিন্তু উচ্চমাধ্যমিকের শিক্ষকেরা এ পর্যন্ত তিন দিন প্রশিক্ষণ পেয়েছেন। তা-ও সব শিক্ষক প্রশিক্ষণ পাননি।মানসিক চাপ: এ বছর পরীক্ষা চলাকালে হরতালসহ সহিংস ঘটনায় পরীক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে পড়েন। নয় দিনে মোট ৩২টি পরীক্ষা পিছিয়ে যায়।চট্টগ্রাম বোর্ডে ইংরেজি বিষয়ের পরীক্ষা পিছিয়েছে চারবার। প্রথম দিনে যে পরীক্ষা হওয়ার কথা, সেটি হয়েছে শেষ দিনে। ওই বোর্ডে পাসের হার সবচেয়ে কম। অবশ্য ইংরেজিতে পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেছেন, রাজনৈতিক অস্থিরতাই ফল খারাপ হওয়ার বড় কারণ। যশোর বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান বলেন, এ বছর যে অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে পরীক্ষা হয়েছে, তাতে ফল কিছুটা খারাপ হবে, এটা ধারণা করা হচ্ছিল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতার প্রভাব অবশ্যই পড়েছে। তবে এটিকে একমাত্র কারণ বলা ঠিক হবে না। ফল কেন খারাপ হয়েছে, তা বুঝতে হলে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন।রাশেদা কে চৌধূরী আরও বলেন, গড় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। কিন্তু বৈষম্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। জাতীয় শিক্ষানীতিতে বৈষম্য নিরসনের কথা বলা হয়েছে। কিন্তু শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ কমেছে, ব্যক্তি ও পরিবারের বিনিয়োগ বেড়েছে। রাষ্ট্রীয় বিনিয়োগ যেসব গুটিকয়েক প্রতিষ্ঠানে বেড়েছে, সেখানে ভালো ফল হচ্ছে, যেমন ক্যাডেট কলেজ। আবার ব্যক্তি বিনিয়োগ যেখানে বেশি, সেখানেও ভালো ফল হচ্ছে। অন্যরা বৈষম্যের শিকার।চার বছরে খারাপ ফল: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিবছরই এইচএসসি পরীক্ষার ফল ধারাবাহিকভাবে বেড়েছে। এমনকি আগের বছরের ফলকে ছাড়িয়ে নতুন মাইলফলক তৈরি হচ্ছিল। কিন্তু সরকারের শেষ বছরে এসে ওই ধারাবাহিকতায় এবার ছেদ পড়েছে। পাসের হার, জিপিএ-৫সহ সব সূচকেই আগের বছরের চেয়ে ফল খারাপ হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল অনুযায়ী, পাসের হার ৭১ দশমিক ১৩ শতাংশ। গতবারের চেয়ে এই হার ৫ দশমিক ৩৭ শতাংশ কম। গতবার ছিল ৭৬ দশমিক ৫০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬ হাজার ৭৩৬ জন। গতবার এই সংখ্যা ছিল ৫১ হাজার ৪৬৯ জন।শুধু পাসের হার ও জিপিএ-৫ নয়, শতভাগ পাস করা প্রতিষ্ঠান যেমন কমেছে, তেমনি শূন্য পাস করা প্রতিষ্ঠান বেড়েছে।সংবাদ সম্মেলন: ফল খারাপ হওয়ার জন্য শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করা এবং হরতালকে দায়ী করেছেন। গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তরের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা চলাকালে দেশব্যাপী নয় দিন হরতাল হয়। এ ছাড়া এলাকাভিত্তিক হরতালও ছিল। এ কারণে ৩২টি বিষয়ের পরীক্ষা পরিবর্তন করতে হয়েছে।নুরুল ইসলাম নাহিদ বলেন, হরতালের ফলে শিক্ষার্থীদের প্রচণ্ড চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। অনেকে ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি। এসব কারণে এবার পাসের হার কিছুটা কম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।গতকাল বেলা দুইটায় সারা দেশে একযোগে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। ঢাকা বোর্ডের অধীন বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৮ জন। পাসের হার ৯০ দশমিক ২৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। প্রতিষ্ঠান ও কেন্দ্র ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমেও ফল প্রকাশ করা হয়।এবার আটটি সাধারণ বোর্ডে এইচএসসিতে আট লাখ ১৪ হাজার ৪৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ২৯৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র দুই লাখ ৯০ হাজার ৯০০ ও ছাত্রী দুই লাখ ৮৮ হাজার ৩৯৭ জন। ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৬২ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক ৬৪ শতাংশ।এবার বিজ্ঞানে পাস করেছেন এক লাখ ৪৭৭ জন, মানবিকে দুই লাখ ৬৩ হাজার ৫০৪ ও ব্যবসায় শিক্ষায় দুই লাখ ১৫ হাজার ৩১৬ জন। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে পেয়েছেন ২৭ হাজার ৮৭৩ জন, মানবিকে পাঁচ হাজার ৭২৪ জন ও ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ১৩৯ জন। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার ৩৬, এবার সেই সংখ্যা কমে হয়েছে ৮৪৯। গত বছরের শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার একটি বেড়ে হয়েছে ২৫।পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে, ৭৯ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৫৩৫ জন। শিক্ষামন্ত্রীর নিজ এলাকা সিলেট হওয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এতে তাঁর কোনো প্রভাব ছিল কি না। জবাবে মন্ত্রী বলেন, ‘এতে আমার নিজের কোনো প্রভাব ছিল না, সুযোগও নেই। আর আমি সিলেট থেকে নির্বাচিত হলেও মন্ত্রী সারা দেশের।’এবার সবচেয়ে কম পাস করেছে চট্টগ্রাম বোর্ডে, ৬১ দশমিক ২২ শতাংশ।