গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার-বিএস) জন্য নির্মিত কৃষি বিভাগের অফিস, আবাসিক ভবন, সার-বীজের গুদাম, জমি ও পুকুর বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন চেয়ারম্যানসহ প্রভাবশালীরা কৃষি বিভাগের প্রায় চার কোটি টাকা মূল্যের এসব সম্পদ ভোগদখল করছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য কার্যালয়, আবাসিক ভবন ও সার-বীজ সংরক্ষণের গুদামঘর নির্মাণ করা হয়। প্রথমদিকে এসব ভবনে কর্মকর্তারা বসবাস করলেও বর্তমানে কয়েকটি ভবন বসবাসের অযোগ্য হয়ে পরেছে। বার্থী ইউনিয়নের বিএস অফিসটি টরকী বন্দর পুলিশ ক্যাম্পের পাশে অবস্থিত। ভবনের একাংশ ক্যাম্পের পুলিশ দখল করে নিয়েছে। অফিসের বাকি অংশ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দখল করে বার্থী ইউনিয়ন কার্যালয় হিসেবে ব্যবহার করে। ক্ষমতা পরিবর্তনের পর সাইনবোর্ডটি খুলে নেওয়া হলেও ভবনটি তাদের দখলে রয়েছে। শরিকল ইউনিয়নের বিএস অফিস ও আবাসিক ভবন শরিকল বন্দর এলাকায় নির্মাণ করা হয়। বর্তমানে শরিকল পুলিশ ক্যাম্পের লোকজন এ ভবন দখল করে বসবাস করছে। এ ছাড়া গৌরনদীর বৃহৎ বাণিজ্যিক বন্দর শরিকল হাট এলাকায় কৃষি বিভাগের প্রায় ১৫ শতাংশ জমি দখল করেছে স্থানীয়রা। মাহিলাড়া ইউনিয়ন কৃষি অফিস কাছেমাবাদ আলিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় নিজস্ব জমিতে নির্মাণ করা হয়। উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আ ফ ম ফরিদ ৮ শতাংশ জমি ও একটি ভবন কয়েক বছর ধরে দখল করে আছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান। এ ব্যাপারে মাওলানা আ ফ ম ফরিদ নিজেকে জমির বৈধ মালিক দাবি করে বলেন, ‘কৃষি বিভাগের কোনো সম্পত্তি নেই। ভূমি জরিপের সময় কৃষি বিভাগকে তিন শতাংশ আমরাই রেকর্ড করে দিয়েছি। প্রয়োজনে তা কৃষি বিভাগের নাম থেকে কর্তন করে নেওয়া হবে। আর ভবনটি আমার পিতা নির্মাণ করেছেন। ওই ভবনের বৈধ মালিক আমরাই।’বাটাজোর বিএস কোয়ার্টারের অবস্থা খুবই নাজুক। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ও হাসান হোসেন। সোহরাব হোসেন অভিযোগ করেন, কোয়াটার-সংলগ্ন কৃষি বিভাগের ২১ শতাংশ জমি বাটাজোর ইউপি চেয়ারম্যান শামচুল হক হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে বাটাজোর ইউপি চেয়ারম্যান শামচুল হক হাওলাদার বলেন, ‘বাবার নামে কাগজপত্র থাকায় আমার ভাইয়েরা ওই জমি ভোগদখল করছে। আমি ওই সম্পত্তি ভোগদখল করি না। আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।’খাঞ্জাপুর বিএস অফিস ভবনটি অবৈধভাবে ভেঙে তা বিক্রি করে ফেলেছেন ইউপি চেয়ারম্যান। সেখানকার ১০ শতাংশ জমি দখল করে খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ইউপি ভবন নির্মাণ করেছেন। এ ব্যাপারে খাঞ্জাপুর ইউপি চেয়াম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা পরিষদের জমি থেকে কৃষি অফিসের অবৈধ ভবন অপসারণ করে বৈধভাবে পরিষদের ভবন নির্মাণ করেছি। কারও জমি দখল করিনি।’ এ ছাড়া খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বন্দরের পানবাজারের ১০ শতাংশ জমি স্থানীয় কতিপয় ব্যক্তি দখল করেছে।নলচিড়া ইউনিয়ন বিএস কোয়ার্টারটি রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। উপজেলা সদরে চাঁদশী ইউনিয়ন বিএস কোয়ার্টার ভবনের কিছু অংশ ব্যবহারের অযোগ্য। বাকি অংশ চাঁদশী ইউপি চেয়ারম্যান তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। পাশেই পৌর কাঁচাবাজারসংলগ্ন ১২ শতাংশ জমি স্থানীয় কতিপয় ব্যক্তি দখল করেছেন। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ব্যাপারে চাঁদশী ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান বলেন, ‘পরিষদের নিজস্ব ভবন নির্মিত হলে আমরা দখল ছেড়ে দেব।’গৌরনদী পৌর সদরে দক্ষিণ পালরদীর এক একর পাঁচ শতাংশ জমি ও পুকুরের অধিকাংশই কৃষি বিভাগের হাতছাড়া। স্থানীয়রা জানান, এ জমির আনুমানিক মূল্য কোটি টাকার অধিক। ওই গ্রামের শংকর চন্দ্র ঘোষ ওই জমির একটি অংশ দখল করেছেন। শংকর নিজেকে বৈধ মালিক দাবি করেন। পরে কৃষি বিভাগ সম্পত্তি উদ্ধারে মামলা করেছে।গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মণ্ডল বলেন, ‘প্রভাবশালীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব সম্পত্তি দখল করে নিয়েছে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ সরকারিভাবে যদি প্রয়োজনীয় ব্যাবস্থা না নেন তাহলে এগুলো বেহাতই থাকবে এবং উদ্বার করা সম্ভব হবে না। বিষয়টি বরিশাল জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সহায়তা চাইলে বেহাত হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।’গৌরনদী কৃষি বিভাগের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ও গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আক্কেল আলী এ প্র্রসঙ্গে বলেন, ‘খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান শুধু আমাদের জমিই দখল করেননি, তিনি আমাদের ভবনটি ভেঙে বিক্রি করে দিয়েছেন। গৌরনদী সদরে কৃষি বিভাগের জমি পাম্প হাউস করার জন্য পৌরসভা ভাড়া নিয়ে পরে ওই সম্পত্তি দখল করে নেয়। বাটাজোর ইউপি চেয়ারম্যানও জমি দখল করেছেন। সব মিলে গৌরনদী কৃষি দপ্তরের প্রায় চার কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে গেছে। রাজনৈতিক কারণে প্রভাবশালীদের কাছ থেকে এসব সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি। তা ছাড়া কৃষি বিভাগের সম্পত্তি রক্ষা করার জন্য আর্থিক কোনো বরাদ্দ নেই। নিজেদের পকেটের অর্থ ব্যয় করে একাধিক মামলা পরিচালনা করছি। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ না থাকার সুযোগ কাজে লাগিয়েছে প্রভাবশালী দখলদারেরা।’