মুঠোফোন অপারেটরের লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত
চার কোম্পানিকে দিতে হবে আট হাজার কোটি টাকা
চার মুঠোফোন অপারেটরের কাছে বেতার তরঙ্গ (স্পেকট্রাম) বিক্রি থেকে সাত হাজার ৫৬৩ কোটি টাকা আয় নিশ্চিত করে মুঠোফোন অপারেটরের লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, তরঙ্গ ফির পাশাপাশি গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে লাইসেন্স নবায়ন ফি হিসেবে প্রথম পর্যায়েই দিতে হবে ১০ কোটি করে মোট ৪০ কোটি টাকা। আর বছর শেষে দিতে হবে আরও পাঁচ কোটি টাকা করে। এতে করে ১৫ বছর মেয়াদি লাইসেন্সের বিপরীতে সরকার আয় করবে ৩০০ কোটি টাকা।গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নীতিমালা চূড়ান্ত করেছে। গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ আগামী ১০ নভেম্বর শেষ হবে। তার আগেই পরবর্তী ১৫ বছরের জন্য তাদের লাইসেন্স নবায়ন করা হবে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নীতিমালায় অনুমোদন দেন। সরকারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে বিটিআরসি বাকি প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে জানান, সরকার এর মাধ্যমে প্রায় আট হাজার কোটি টাকা আয় নিশ্চিত করেছে। টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রথম আলোকে মুঠোফোনে বলেন, অনেক দিন অপেক্ষা শেষে একটি গ্রহণযোগ্য নীতিমালা তৈরি হয়েছে। নীতিমালা অনুসারে, তরঙ্গ ফির ৪৯ শতাংশ বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই (১০ নভেম্বর) অপারেটরদের জমা দিতে হবে। সে হিসাবে জমা হবে তিন হাজার ৭৪৫ কোটি টাকা। বাকি টাকা আসবে পরবর্তী দেড় বছরে তিন কিস্তিতে ১৭ শতাংশ হারে। এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, কোরবানির ঈদের বন্ধ থাকার কারণে আগামী ২ নভেম্বরের মধ্যেই অপারেটরদের প্রাথমিক কিস্তির টাকা জমা দিতে হবে। এ বিষয়ে গতকাল বিটিআরসির কার্যালয়ে অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও তিনি জানান। নীতিমালায় চার অপারেটরের জন্য প্রতি মেগাহার্টজ ১৫০ কোটি টাকা হারে তরঙ্গমূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রাহকসংখ্যার ভিত্তিতে এই মূল্যের ওপর কিছু কমবেশি করা হয়েছে। এ জন্য ব্যবহার করা হয়েছে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) পদ্ধতি। গত ৩০ জুন পর্যন্ত যে অপারেটরের যত গ্রাহক ছিল, তার ওপর ভিত্তি করেই এমসিএফ নির্ধারণ করা হয়েছে। এ পদ্ধতিতে গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণফোনের তরঙ্গমূল্য ভিত্তিমূল্যের চেয়ে এক দশমিক ৪৮ গুণ বেশি হয়েছে। এ কারণে অপারেটরটির ১৪ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য দুই হাজার ১৯০ কোটি টাকা হলেও তাদের দিতে হবে তিন হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা।একই হিসাবে বাংলালিংকের এমসিএফ ১ দশমিক ০৬। সে কারণে তাদের ১২ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের দাম এক হাজার ৯৭১ কোটি ৬০ লাখ টাকা। রবির এমসিএফ শূন্য দশমিক ৯৯। তাদের ১২ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গের দাম হবে এক হাজার ৯০০ কোটি ৮০ লাখ টাকা। গ্রাহক কম হওয়ায় সিটিসেলের এমসিএফ সবচেয়ে কম; মাত্র শূন্য দশমিক তিন। ফলে তাদের ১০ মেগাহার্টজ তরঙ্গের দাম মাত্র ৪৫০ কোটি টাকা। এ ছাড়া প্রতি অপারেটর তাদের আয়ের সাড়ে পাঁচ শতাংশ বিটিআরসিকে দেবে। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্যও আয়ের এক শতাংশ করে জমা দেবে। এ দুটি খাতের আয় প্রতি তিন মাস পরপর সরকারের কাছে জমা দিতে হবে। অপারেটরদের বক্তব্য: নীতিমালাকে স্বাগত জানিয়ে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নীতিমালা প্রক্রিয়াটি ভালো হয়েছে। তবে তরঙ্গের দাম আরও কমালে ভালো হতো।’ গ্রামীণফোনের মহাব্যবস্থাপক মাহমুদ হোসাইন বলেন, ‘মাত্র নথিপত্র হাতে পেয়েছি। পুরোটুকু পড়ে বুঝে পরে এ প্রসঙ্গে মন্তব্য করব।’ একই ধরনের মন্তব্য করেন বাংলালিংকের পরিচালক জাকিউল ইসলাম। রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘তরঙ্গের দামটা এখনো অনেক বেশি। ফি জমা দেওয়ার সময়সীমা আরেকটু বাড়ালে সবার জন্যই ভালো হতো।’