চার কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে পুঁজিবাজারে চার কোম্পানির শেয়ার লেনদেন করা হয়েছে। আর ছয় ব্যক্তি আলাদাভাবে শেয়ারের ধারাবাহিক লেনদেন এবং যুগপৎ কেনাবেচার মাধ্যমে কোম্পানি চারটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন। এর মধ্যে দুটি কোম্পানি নিজেরাই সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে শেয়ারের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে এই অনিয়ম উদ্ঘাটিত হয়েছে।লিগেসি ফুটওয়্যার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং ও দুলামিয়া কটনের শেয়ার লেনদেন ও দর বাড়াতে আইন লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে লিগেসি ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। এসব কোম্পানির প্রতিটি দুর্বল মৌল ভিত্তি জেড শ্রেণীর অন্তর্ভুক্ত। কোম্পানিগুলোর মূলধনও অনেক কম। প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে পুনরায় কোম্পানি চারটির লেনদেন শুরু হচ্ছে। অস্বাভাবিক দাম বাড়ার কারণে গত ১৮ এপ্রিল ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ করে দেয়। এরপর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশে ডিএসই কোম্পানিগুলোর অস্বাভাবিক দাম বাড়ার কারণ অনুসন্ধানে নামে, আর তাতেই বেশ কিছু অনিয়ম খুঁজে পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনগুলো এসইসিতে জমা দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনগুলো আমাদের হাতে এসেছে। পর্যালোচনার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’জানা গেছে, লিগেসি ফুটওয়্যার কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন মাহবুবুর রহমান ও মজিবুল হক চৌধুরী নামের দুই বিনিয়োগকারী। তাঁদের মধ্যে মাহবুবুর রহমান একাই পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে সরাসরি কোম্পানিটির শেয়ারের ধারাবাহিক (সিরিজ) লেনদেন করেছেন। একই সময়ে তিনি এক হিসাবে বড় অঙ্কের শেয়ার কিনেছেন এবং আরেক হিসাব থেকে শেয়ার বিক্রির (যুগপৎ কেনাবেচা) মাধ্যমে দামকে প্রভাবিত করেছেন। আইন অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধারাবাহিক ও সক্রিয় লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো দণ্ডনীয় অপরাধ।আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল লিমিটেড এবং এনবিএল সিকিউরিটিজে আলাদা পাঁচটি বিও হিসাব ব্যবহার করে তিনি এই কারসাজি ঘটিয়েছেন।জানা গেছে, মাহবুবুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল থেকে ২০১১ সালের ১৭ এপ্রিল পর্যন্ত এক বছরের শেয়ার লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, আইএফআইসির বিও হিসাবে তিনি লিগেসি ফুটওয়্যারের ছয় লাখ ৭০ হাজার শেয়ার কিনেছেন আর বিক্রি করেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৫০০ শেয়ার, লংকাবাংলা সিকিউরিটিজের এক হিসাবে এক লাখ ২২ হাজার শেয়ার কিনেছেন আর বিক্রি করেছেন এক লাখ ২০ হাজার শেয়ার, লংকাবাংলার অন্য এক হিসাবে পাঁচ লাখ ৪৭ হাজার শেয়ার কিনেছেন আর বিক্রি করেছেন পাঁচ লাখ ৫৯ হাজার শেয়ার (এ ক্ষেত্রে অন্য হিসাব থেকে কিছু শেয়ার জমা দেওয়া হয়), সালটা ক্যাপিটালের বিও হিসাবে তিনি উল্লিখিত সময়ের মধ্যে এক লাখ ৩০ হাজার শেয়ার কিনেছেন আর বিক্রি করেছেন এক লাখ ৮৮ হাজার ৫০০ শেয়ার (এ ক্ষেত্রেও অন্য হিসাব থেকে শেয়ার নেওয়া হয়) এবং এনবিএল সিকিউরিটিজের হিসাবে কিনেছেন ৪১ হাজার ৫০০ শেয়ার আর বিক্রিও করেছেন সমপরিমাণ শেয়ার।কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৭২ লাখ ৫০ হাজার। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ শতাংশ বা প্রায় ৩৩ লাখ ৩৭ হাজার শেয়ার। এর মধ্যে ২০১০ সালের ৩, ৫ এবং ৩১ মে বাজারে কোম্পানিটির যে পরিমাণ শেয়ার লেনদেন হয়েছিল, তার মধ্যে মাহবুবুর রহমান একাই যথাক্রমে ৪৭ ও ৮০ শতাংশ শেয়ার কেনেন।মুজিবুল হক চৌধুরী নামের অন্য এক বিনিয়োগকারীও কোম্পানিটির শেয়ার কেনাবেচায় একই কারসাজির আশ্রয় নিয়ে দামকে প্রভাবিত করেছেন বলে তদন্তে উল্লেখ করা হয়।ডিএসই কোম্পানিটির আর্থিক প্রতিবেদন তৈরিতেও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা খুঁজে পেয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি তাদের প্রথম তিন প্রান্তিকে নিয়ম অনুযায়ী আর্থিক ব্যয়ের (সুদ) কোনো সঞ্চিতি রাখেনি। সঞ্চিতির ওই টাকা হিসাবে ধরে প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়, যাতে কোম্পানির শেয়ারপ্রতি আয়সহ (ইপিএস) অন্যান্য মূল্য সংবেদনশীল তথ্যে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায়নি। ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এই অসত্য তথ্য বিনিয়োগকারীদের মাঝে প্রকাশ করা হয়, যা কোম্পানির শেয়ারের অস্বাভাবিক লেনদেনকে উৎসাহিত করেছে। অসত্য আর্থিক তথ্য প্রকাশের মাধ্যমে কোম্পানি নিজেই সরাসরি আইন লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে বলা হয়।লিগেসি ফুটওয়্যার ২০১০ সালের সেপ্টেম্বর মাসেও ‘বি’ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ঘোষণা অনুযায়ী লভ্যাংশ বিতরণ করতে না পারায় কোম্পানিটি জেড শ্রেণীতে নামিয়ে আনা হয়। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, কোম্পানিটি ২০০৯ সালের সমাপ্ত বছরে শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নগদ অর্থ না থাকায় কোম্পানিটি শেয়ারধারীদের ওই টাকা দিতে পারেনি। অথচ গত ১৬ মে কোম্পানিটি ২০১০ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারধারীদের আবারও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এমনকি ১০ টাকা প্রিমিয়ামসহ একটির বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে।নিজাম উদ্দিন নামের অন্য এক বিনিয়োগকারী দুটি বিও হিসাব ব্যবহার করে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ানোর কারসাজিতে অংশ নিয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তিনি একই দিনে আলাদা বিও হিসাবে কোম্পানিটির বড় অঙ্কের শেয়ার কেনাবেচা করেছেন। ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেড নামের ব্রোকারেজ হাউসের দুটি বিও হিসাব ব্যবহার করেই তিনি কারসাজির ঘটনা ঘটিয়েছেন।পাশাপাশি কোম্পানিটি ২০১০ সালের অর্ধবার্ষিক (জুলাই থেকে ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে অপরিশোধিত করের টাকা সঞ্চিতি বা প্রভিশনিং করা হয়নি। এর মাধ্যমে কোম্পানিটির ইপিএস কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোস্তাফিজুর রহমান নামের অন্য এক বিনিয়োগকারী একইভাবে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দাম বাড়াতে কারসাজির আশ্রয় নিয়েছেন। ফখরুল ইসলাম অ্যান্ড কোম্পানির একটি বিও হিসাব ব্যবহার করেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।দুলামিয়া কটনের শেয়ারের দর বাড়াতে কারসাজির আশ্রয় নিয়েছেন এক দম্পতি। আরিফুস শামস ও লতিফা বেগম নামের ওই দম্পতি কোম্পানিটির ধারাবাহিক লেনদেন ও যুগপৎ কেনাবেচায় অংশ নেন। এ ক্ষেত্রে আরিফুস শামস শার্প সিকিউরিটিজ এবং তাঁর স্ত্রী লতিফা বেগম পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের দুটি বিও হিসাব ব্যবহার করেছেন।