চার খুনি শনাক্ত, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন সর্বশেষ মামলাটিতে জামিন পেয়ে গতকাল রোববার বিকেলে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বেরিয়েই খোকন মেয়র লোকমানের কবর জিয়ারত এবং এ হত্যার বিচার দাবি করেন।এদিকে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র দাবি করছে, লোকমান হোসেনের হত্যায় জড়িত চার ভাড়াটে খুনিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে একজনকে গতকাল গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর নাম টিপন কাজী ওরফে পংকা (৩০)। তাঁর বাড়ি নরসিংদী শহরের শাটিরপাড়ায়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গোয়েন্দাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে ঢাকার টঙ্গী থেকে আটক করা মোটরসাইকেল গ্যারেজের মালিক সেলিম হোসেনকে লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এর বাইরে আর কিছু বলতে রাজি হননি।তবে তদন্ত-সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, লোকমানকে হত্যার পর ভাড়াটে খুনিরা পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহূত একটি মোটরসাইকেল ফেলে যায়। ঘটনাস্থলের ২০ গজ দূর থেকে উদ্ধার করা ওই মোটরসাইকেলের সূত্র ধরেই টঙ্গীর সেলিমকে আটক করা হয়। সেলিম হলেন লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোবারক হোসেন ওরফে মোবার ভাইয়ের মেয়ের জামাই।সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, সেলিমকে জিজ্ঞাসাবাদ করে টিপন কাজীর নাম পাওয়া যায়। এরপর গোয়েন্দা পুলিশের ঢাকার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গোপালগঞ্জ থেকে আটক করে। গতকাল দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন ভাড়াটে খুনির নাম পাওয়া গেছে বলে সূত্রটি দাবি করছে।সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, লোকমান হত্যার ঘটনাটি খুবই জটিল। তাই তাঁরা প্রথমে ঘাতকদের শনাক্ত এবং গ্রেপ্তারের ওপর জোর দিচ্ছেন। এরপর হত্যাকারীদের অন্যান্য সহযোগী ও মূল পরিকল্পনাকারীদের একে একে শনাক্ত করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এজাহারভুক্ত কয়েকজন আসামির হত্যার আগে বিদেশে চলে যাওয়ার বিষয়টিও সন্দেহজনক। তাঁদের মধ্যে একজন মোবারক হোসেনের জড়িত থাকার কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে।পুলিশের কাছে তথ্য রয়েছে, লোকমান হত্যার কয়েক দিন আগে মোবারক মালয়েশিয়ায় চলে গেছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি কবীর সরকার ও নুরুল ইসলাম ঘটনার কয়েক দিন আগে মালয়েশিয়ায় চলে গেছেন। এর মধ্যে নুরুল ইসলাম নরসিংদী সদর বিএনপির সাধারণ সম্পাদক। আর কবীর সরকার আওয়ামী লীগের রাজনীতিতে লোকমানের বিপরীত ধারায় যুক্ত।পুলিশ সূত্র জানায়, বাজাজ ডিসকভার মডেলের ১২৫ সিসি মোটরসাইকেলটি লোকমান হত্যা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মোটরসাইকেলের মালিক টঙ্গীর সেলিম হোসেন। তিনি মোটরসাইকেলটি লোকমান হত্যার কয়েক দিন আগে চাচাশ্বশুর মোবারককে দিয়েছিলেন। পরে ভাড়াটে খুনিরা ঘটনার দিন ওই মোটরসাইকেল ব্যবহার করে।পৌর মেয়র লোকমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম প্রথম আলোকে বলেন, মোবারক ছিলেন লোকমানের বাল্যবন্ধু। গত পৌর নির্বাচনের মাস ছয়েক আগে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি দরপত্রের সমঝোতা করা নিয়ে মোবারকের সঙ্গে মেয়র লোকমানের বিরোধ বাধে। পরে আরও কয়েকটি দরপত্র নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এরপর মোবারক আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে লোকমানের পক্ষ ত্যাগ করে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সমর্থিত পক্ষে যুক্ত হন। এরই পরিপ্রেক্ষিতে গত পৌর নির্বাচনে মেয়র পদে লোকমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মোবারক।১ নভেম্বর রাতে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে দলীয় কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাঁর ভাই কামরুজ্জামান টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিন ও মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মাসুদুর রহমানসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। দুজন ছাড়া বাকি সব আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।স্মারকলিপি: মেয়র লোকমান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল নরসিংদী পৌর পরিষদ ও এর কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।খোকনের জামিন ও মুক্তি: লোকমান হত্যার ঘটনায় সন্দেহমূলকভাবে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা খায়রুল কবির খোকন গতকাল বিকেলে নরসিংদী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁকে লোকমান হত্যার ঘটনায় ওই রাতে ঢাকার বাসা থেকে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কিন্তু আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং খোকনকে জামিনে মুক্তির নির্দেশ দেন। এরপর পুলিশ খোকনকে রেলওয়ে স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায়। লোকমান হত্যার পর ওই রাতে তাঁর সমর্থক বিক্ষুব্ধ জনতা সার্কিট হাউস ও রেলস্টেশন ভাঙচুর করেছিল। নরসিংদীর বিচারিক হাকিম আদালত গত বৃহস্পতিবার সার্কিট হাউস ভাঙচুর মামলা ও গতকাল রেলস্টেশন ভাঙচুর মামলায় খোকনের জামিন মঞ্জুর করেন।খোকন কারাগার থেকে বেরিয়ে নরসিংদীর পৌর ঈদগাহে সমাহিত মেয়র লোকমান হোসেনের কবর জিয়ারত করেন। এরপর তিনি লোকমান হোসেনের মা মজিদা বেগম ও স্ত্রী তামান্না নুসরাতসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় সমবেত দলীয় নেতা-কর্মী ও জনতার উদ্দেশে খোকন বক্তব্য দেন। তিনি লোকমানের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।