চার গ্রামের একতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতা দুর্বলকে সবল করে। ঐক্যের জোরে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষ বাধা ডিঙিয়ে ঘটাতে পারে আর্থসামাজিক উন্নয়ন। এর সঙ্গে সঠিক নেতৃত্ব যোগ হলে বেগবান হয় অগ্রযাত্রা; শাখা-প্রশাখা মেলে উন্নয়ন। এর উজ্জ্বল উদাহরণ ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে। সেখানে রতনপুর, দুর্গাপুর, রামপুর ও মধ্যম ধনিকুন্ডা—এ চার গ্রামের মানুষ মিলে গড়েছে চার গ্রাম সমবায় সমিতি। টানা ২৫ বছর ধরে ওই সমিতি চারটি গ্রামে কৃষি ও সেচ, মাছ চাষ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পশুপালন, সমাজকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক ভূমিকা রেখে আসছে। এর সুফল পাচ্ছে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। গত দুই যুগে সমিতি ধীরে ধীরে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, ওই চারটি গ্রামের রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে সমিতির নামে। ফেনী-পরশুরাম সড়কের ২২ কিলোমিটার উত্তরে চিথলিয়া থেকে শুরু হওয়া সড়কের নামও চার গ্রাম সমবায় সমিতি রোড। দুর্গাপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম চার গ্রাম সমবায় সমিতি উচ্চবিদ্যালয়। গ্রামের খেটে খাওয়া চাষি-মজুরদের অভাব দূর করে তাঁদের সুদিন ফেরানোর ভাবনা প্রথম মাথায় খেলে দুর্গাপুর গ্রামের শিক্ষিত ব্যক্তি এ বি এ সিরাজউদ্দৌলার। তাঁর নিরলস প্রচেষ্টায় ১৯৮৫ সালের ৫ এপ্রিল গঠিত হয় চার গ্রাম সমবায় সমিতি। গঠন করা হয় দুই বছর মেয়াদি ১৮ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজউদ্দৌলা। শুরুতে সদস্য ছিলেন ৫০০ জন। চার গ্রাম মিলিয়ে সমিতিতে এখন দুই হাজার ২০০ সদস্য রয়েছেন। এখন সমিতির নির্বাহী পরিষদের মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। সমিতির উন্নয়ন কর্মকাণ্ড: সমিতির প্রধান কাজ হচ্ছে কৃষি। চার গ্রামের প্রায় ৬০০ একর জমিতে প্রতিবছর বোরো চাষ করা হয় সমিতির নিজস্ব খরচে। সমিতির কৃষি ও সেচ প্রকল্পের পরিচালক শামছুল হুদা জানান, এ বাবদ সমিতির পক্ষ থেকে কৃষকদের প্রতি ৪০ শতাংশ জমির জন্য ৮০০ টাকা করে নেওয়া হয়, বাদবাকি খরচ সমিতির পক্ষ থেকে দেওয়া হয়। তিনি জানান, সমিতির পক্ষ থেকে এ চাষাবাদের জন্য চারটি গ্রামে ১০টি সেচপাম্প বসানো হয়েছে। রতনপুর গ্রামের কৃষক বাচ্চু মিয়া, আবদুস সোবাহান ও খালেক জানান, জমি চাষ থেকে শুরু করে বীজতলা তৈরি, সার, ওষুধ, কীটনাশক দেওয়াসহ ধান মাড়াই পর্যন্ত সব কাজ সমিতির পক্ষ থেকে করে দেওয়া হয়। এ ছাড়া কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে বর্তমান বাজারদরের প্রায় দ্বিগুণ দাম দেওয়া হয়। সমিতির নামে চারটি গ্রামের ১৫টি পুকুর ইজারা নেওয়া হয়েছে। এতে বিভিন্ন ধরনের মাছের চাষ হচ্ছে। নিয়ম অনুযায়ী পুকুরের লভ্যাংশের এক-তৃতীয়াংশ মালিক পান, বাকি টাকা সমিতির তহবিলে জমা হয়। রতনপুরের নাছির আহাম্মদ ও দুর্গাপুরের জামশেদ আলম জানান, তাঁদের পুকুর সমিতির কাছে পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এতে তাঁরা লাভবান হচ্ছেন। চার গ্রামের ১২০টি পরিবারকে সমিতির পক্ষ থেকে একটি করে বাছুর কিনে দেওয়া হয়েছে। রতনপুর গ্রামের রুহুল আমিন জানান, সমিতি তাঁকে গত বছর সাত হাজার টাকা দিয়ে একটি বাছুর কিনে দেয়। পরে ওই গরু ৩০ হাজার টাকা বিক্রি করেন তিনি। সমিতির সদস্যভুক্ত পরিবারের মধ্যে একটি করে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করে দেওয়া হয়। চার গ্রামের মানুষের জন্য শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সমিতি। সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজউদ্দৌলা ১৯৯৬ সালে নিজের দেড় একর জমিতে প্রতিষ্ঠা করেন চার গ্রাম সমবায় আদর্শ উচ্চবিদ্যালয়। অবকাঠামো নির্মাণেও তিনি ও তাঁর স্ত্রী সুলতানা দৌলা আর্থিক সহায়তা দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম মতিউর রহমান জানান, সমিতির পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য প্রতিবছর ৩০-৩৫ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা কেবল শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হয়। সমিতির ব্যবস্থাপক মমতাজ উদ্দিন জানান, চার গ্রাম সমবায় সমিতি থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুলের বেতন ও বই কেনাসহ বিভিন্ন খরচের টাকা দেওয়া হয়। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী গরিব শিক্ষার্থীদের প্রথমে সমিতির নির্ধারিত ফরমে চেয়ারম্যান বরাবর আবেদন করতে হয়। তা যাচাই-বাছাই করে প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। প্রধান শিক্ষক অনুমোদন দিলে সমিতি থেকে ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের এক বছরের বেতনের টাকা পরিশোধ করা হয়। ফেনী-পরশুরাম সড়কে দুর্গাপুর হয়ে মাধ্যম ধনিকুন্ডা পর্যন্ত সড়কটি চার গ্রাম সমিতি সড়ক নামে পরিচিত। ১৯৯৬ সালে সমিতির লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ সড়ক নির্মাণ করেন।সমিতিতে একদিন: সম্প্রতি একদিন সকালে দুর্গাপুর গ্রামে সমিতির কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপক মমতাজ উদ্দিন ও জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয়। সেখানে সমিতির নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া আক্তার নির্ধারিত ফরমে বেতন চেয়ে আবেদন করছে। একজন ব্যবস্থাপক আবেদনপত্রটি খতিয়ে দেখে তা প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেন।বিভিন্ন খাতে সমিতির দেওয়া অনুদান ও সহায়তা দেওয়ার ব্যাপারে দুই ব্যবস্থাপক জানান, ডিসেম্বরে চার গ্রামের ৩০ জনের প্রত্যেককে ৩০০ থেকে ৫০০ টাকা বয়স্ক ও বিধবা ভাতা দেওয়া হয়। গরিব ঘরের বিয়ের খরচ বাবদ পাঁচজনকে দেওয়া হয় ১৩ হাজার টাকা। চিকিত্সার খরচ চারজনকে চার হাজার ৯০০ টাকা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে দুজনকে তিন হাজার টাকা ও ঘর মেরামতের জন্য দুজনকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।ব্যবস্থাপকেরা জানান, প্রতিষ্ঠার পর থেকে সমিতির অর্থায়নে ও সদস্যদের স্বেচ্ছাশ্রমে ওই চার গ্রামে ১১০টি পরিবারকে বসতঘর তৈরি করে দেওয়া হয়েছে। চার গ্রামে দুটি করে আটটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ৬০টি পরিবারকে দেওয়া হয়েছে নলকূপ। প্রতিবছর চার গ্রামে দুটি করে বিনা মূল্যের চিকিত্সাশিবির স্থাপন করা হয়। এতে সমিতির সদস্য ছাড়া পার্শ্ববর্তী গ্রামের লোকজনও চিকিত্সাসেবা নিতে পারেন।সমিতির আয়ের উত্স: চাষাবাদ ও মাছ চাষ সমিতির আয়ের মূল উত্স। ইজারা নেওয়া ১৫টি পুকুর থেকে আসা টাকা সমিতির তহবিলে জমা হয়। সমিতির প্রতিষ্ঠাতা সিরাজউদ্দৌলা নিজেই তহবিলের একজন বড় অর্থ জোগানদাতা। ব্যক্তিগত জীবনে তিনি বড় ব্যবসায়ী। প্রতিবছর জাকাতের একটি বড় অংশ সমিতির তহবিলে দান করেন। গত বছর তিনি চার লাখ টাকা দিয়েছিলেন। সিরাজউদ্দৌলা বলেন, ‘সমিতি করার আগে এলাকার গরিব লোকজন প্রায়ই আমার কাছে আর্থিক সহায়তার জন্য আসত। একপর্যায়ে তাঁদের অভাব মোচনে কল্যাণকর কিছু করার ভাবতে গিয়ে এই সমিতি গড়ার চিন্তা মাথায় আসে। এর মাধ্যমে স্থানীয় দরিদ্র লোকজন স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে।’চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহ আহাম্মদ বলেন, চার গ্রাম সমিতি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেক সদস্যই সমিতির সব আয়ের অংশীদার। এই সমিতি ২৫ বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্মলকান্তি চাকমা বলেন, চার গ্রাম সমবায় সমিতি চারটি গ্রামের লোকজনকে স্বাবলম্বী করে তুলেছে, যা দেশের অন্য সব এলাকার জন্য অনুকরণীয়।