চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
ভৈরবে ঢাকা-চট্টগ্রাম রেলপথে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে আজ বৃহস্পতিবার। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।বিকেল পৌনে পাঁচটার দিকে ভৈরবের ২৯ নম্বর রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ রাত পৌনে নয়টায় শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ভৈরব রেলওয়ে কেবিন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী (স্পেশাল) ট্রেনটি ভৈরব স্টেশন থেকে বিকেল চারটা ৩৫ মিনিটে ছেড়ে যায়। পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ভৈরবের ২৯ নম্বর রেলসেতু অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন ভৈরবের কাছাকাছি স্টেশনে আটকা পড়ে ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।