চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার দুপুর একটার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায় রেলপথ অবরোধ করে চারটি ট্রেন আটকে রাখে। এতে সকাল নয়টা থেকে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ট্রেন আটকে রাখার বিষয়টি নিয়ে পুলিশ জেলা হেফাজতের আমির মওলানা মনিরুজ্জামান সিরাজীর সঙ্গে আলোচনা করে। পরে তিনি কর্মী-সমর্থকদের রেলস্টেশন অবরোধ কর্মসূচি থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পুলিশ এ সময় রেললাইনের ওপর অবরোধকালে ফেলে রাখা জিনিসপত্র সরিয়ে নেয়। এতে দুপুর একটার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল নয়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল। এর আগে সদর উপজেলার বড়হরণ রেলগেট এলাকায় ট্রেনে ইটপাটকেল ছোড়েন হেফাজতের কর্মীরা। এতে ট্রেনের অন্তত পাঁচজন যাত্রী আহত হন এবং ট্রেনের একাধিক জানালার কাচ ভেঙে যায়।সকাল সোয়া নয়টার দিকে হেফাজতের সহস্রাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে পারাবত ট্রেনটি আটকে দেন। পরে তাঁরা রেললাইনের ওপর গাছের গুঁড়ি ও লাইনের স্লিপার ফেলে সেখানে বসে পড়েন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া এই স্টেশনে তাঁরা চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাছিরাবাদ ট্রেনটিও আটকে দেন।এর আগে আখাউড়া রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস এবং কসবায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন হেফাজতের কর্মীরা।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল দেবনাথ জানান, হেফাজতের কর্মী-সমর্থকেরা অবরোধ তুলে নিলে চারটি ট্রেনই আবার যাত্রা করে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।