চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যেত না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র না করলে এখন দিনে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যেত না। দীর্ঘদিন চাহিদা অনুযায়ী উৎপাদন না বাড়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা মোকাবিলায় এর বিকল্প ছিল না। জাতীয় বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত্ বিভাগ গত বছর থেকে এই সপ্তাহ পালন শুরু করেছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী (বেইজ লোড প্লান্ট) ও পিকিং (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য) কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলেছে। তবে এসব কেন্দ্র স্থাপনে অনেক সময় বিলম্ব হয়। সে জন্য ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রের সময়সীমাও বাড়াতে হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, ২০১১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার যে অঙ্গীকার সরকার করেছিল, তার চেয়ে এক হাজার মেগাওয়াট বেশি হয়েছে। স্থায়ী কেন্দ্রগুলো স্থাপনের কাজও চলছে। এগুলো উত্পাদনে আসতে শুরু করলে পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো অপসারণ করা হবে।বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, সরকার রূপকল্প ২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কিন্তু বিদ্যুতের জন্য প্রাথমিক জ্বালানি (গ্যাস, কয়লা ডিজেল প্রভৃতি) সরবরাহ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে সেরা বিদ্যুত্কর্মী, সেরা বিদ্যুত্ ইউনিট, সেরা প্রকল্প পরিচালক, সেরা বিদ্যুত্গ্রাহক (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প), বিদ্যুত্ বিষয়ে সেরা প্রতিবেদন (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), সেরা গবেষণা এবং রচনা প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসার সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।সেরা প্রতিবেদনের জন্য এ বছর প্রিন্ট মিডিয়ায় সমকালের বিশেষ প্রতিনিধি নাজমুল ইমাম ও ইলেকট্রনিক মিডিয়ায় আর টিভির আক্তার হোসেন সেরা পুরস্কার পেয়েছেন।