চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার শিকার হেনার মৃত্যুর ঘটনায় মামলার আলামত নষ্ট, তথ্য গোপন এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চারজন চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন: শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, নির্মল চন্দ্র দাস, হোসনে আরা ও রাজেশ মজুমদার। পুলিশের মহাপরিদর্শক, শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। দুটি ময়নাতদন্ত খতিয়ে দেখে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এ চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ চারজনের সনদের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি ২৪ এপ্রিলের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। প্রথম দফায় হেনার ময়নাতদন্ত করা হয় শরীয়তপুরে। ওই প্রতিবেদনে বলা হয়, হেনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর হাইকোর্টের নির্দেশ অনুসারে একটি বিশেষজ্ঞ কমিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় হেনার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে হেনার মৃত্যু হয়েছে। এরপর ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ হেনার দুটি ময়নাতদন্তের প্রতিবেদনের অমিল খতিয়ে দেখার নির্দেশ দেন। এ জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে কমিটিকে দিতে বলা হয়। একই সঙ্গে হেনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী নড়িয়া থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন ও এজাহার নথিভুক্তকারী পরিদর্শক (তদন্ত) মির্জা এ কে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ পুলিশ সদর দপ্তর হয়ে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয় থেকে একটি প্রতিবেদনও সুপ্রিম কোর্টে এসে পৌঁছে। গতকাল শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ময়নাতদন্ত নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতিবেদন তুলে ধরেন। পুলিশের মহাপরিদর্শকের পাঠানো প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আদালতে আইনজীবী এলিনা খান, সীমা জহুর ও সারা হোসেন শুনানি করেন। এরপর আদালত আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত চার চিকিৎসকের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১, ২১৮ ও ৩০৪(এ) ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রসচিবকে মামলার বিষয়ে তদারকি করতে বলা হয়েছে। জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হয়ে হেনা আক্তার গত ৩১ জানুয়ারি মারা যায়। ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। ওই দিন প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন: দুটি ময়নাতদন্তের দ্বিতীয়টি সঠিক। সামগ্রিকভাবে প্রথম ময়নাতদন্তের মতামত ছিল অস্পষ্ট। দ্বিতীয় ময়নাতদন্ত না হলে মৃত্যুর কারণ অনুদ্ঘাটিত থাকত। আদালতের নির্দেশ অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রথম ও দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে বর্ণিত জখম পর্যালোচনা করে দেখা যায়, দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনটি সঠিক। কারণ, দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে জখমের সঙ্গে শরীয়তপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন সময়ে চিকিৎসা ব্যবস্থাপত্রে উল্লিখিত জখমের মিল পাওয়া যায়। হাসপাতালের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, হেনার শরীরে জখমের বর্ণনা লিপিবদ্ধ ছিল। হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক নির্মল চন্দ্র দাসের অধীনে হেনা ভর্তি ছিলেন। ময়নাতদন্ত বোর্ডের সভাপতি নির্মল চন্দ্র দাস পরে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃতদেহে জখমের উল্লেখ করেননি। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় বলা হয়, প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকেরা ও সিভিল সার্জন ইচ্ছাকৃতভাবে জখম উল্লেখ না করায় তাঁরা সমভাবে দায়ী। সিভিল সার্জনের গাফিলতি প্রমাণিত, যা চিকিৎসানীতির পরিপন্থী।