চার-ছক্কায় পাক্কা উইল্স লিটল ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট পরা একদল শিক্ষার্থীর বিদ্যানিকেতন উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত কাকরাইলের এই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। সাজানো-গোছানো বিদ্যানিকেতনটির আঙিনা সব সময়ই মুখর থাকে কচিকাঁচাদের কল্লোলে। এর কংক্রিটের সাদা মেঝেতে কতগুলো দল যে একসঙ্গে ক্রিকেট খেলছে, তার কোনো হিসাব নেই।গত কয়েক বছরে স্কুল ক্রিকেটের সাফল্য উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে পরিচয় করিয়েছে ‘ক্রিকেটের স্কুল’ নামে। ‘আমাদের স্কুলের পুরো মাঠটাই ক্রিকেটের। আমরা ক্রিকেট খেলব না তো খেলবে কারা?’ ব্যাট হাতে স্কুলের মাঠে দাঁড়িয়ে বলছিল উইলেসর শিক্ষার্থী রাজ্জাক। রাজ্জাকের কথার উত্তর দিয়েছে বোধ হয় তার স্কুলের ওপরের ক্লাসের শিক্ষার্থীরা। এই তো কয় দিন আগে আইসিসি মিনি বিশ্বকাপে মাত্র ১ রানের ব্যবধানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে হেরে রানার্সআপ হয়েছে উইলেসর ক্রিকেট দল। শুধু তা-ই নয়, সর্বশেষ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আন্তস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা মহানগরের স্কুল হিসেবে রানার্সআপের শিরোপাটি জিতেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) দল। তবে স্কুল ক্রিকেটে ঢাকা মহানগরের মধ্যে বিকেএসপির নাম সহজভাবে মেনে নিতে পারছেন না উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরি (এইসি)। তিনি বলেন, ‘বিকেএসপি কীভাবে ঢাকা মহানগরের আওতাভুক্ত হয়? তারা তো একটি জাতীয় ক্রীড়াপ্রতিষ্ঠান। তাদের সঙ্গে কোনো স্কুলের ছেলেরাই পেরে উঠবে না।’নগরের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট-খেলুড়ে স্কুল হিসেবে উইলেসর সুনাম অনেক দিনের জানিয়ে নাজমা চৌধুরী নামের একজন অভিভাবক বলছিলেন, ‘আমার ছেলে তো ছুটির দিনেও স্কুলে এসে ক্রিকেট খেলে।’ স্কুল বন্ধের দিনেও উইলেসর মাঠ থাকে সরগরম, এমনটাই জানালেন উইলস ক্রিকেট একাডেমির কোচ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ভালো খেলার জন্য আমরা সব সময় ছাত্রদের উৎসাহিত করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সবাই ক্রিকেটের ভক্ত।’ক্রিকেটে উইলসের সাফল্যের রহস্য জানতে চাইলে অধ্যক্ষ মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিয়মিত অনুশীলনই আমাদের ক্রিকেট দলের জয়ের মন্ত্র।’ক্রিকেটে স্কুলের সাফল্যের কথা জানিয়ে মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী বলেন, এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থী জাতীয় দলে খেলেছে। এখনো অনেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছে। এর মধ্যে আছে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি ও মেহরাব জুনিয়র। এ ছাড়া জাতীয় একাডেমির ইলিয়াস, শরিফুল্লাহ, ইমনের মতো ক্রিকেটাররাও উইলেসর দলে ছিল। অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় দলেও এখানকার ছেলেরা প্রতিনিধিত্ব করছে।ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য আছে উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের। ২০০৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত স্কুল ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশি স্কুল দল হিসেবে খেলে শুরুর ম্যাচে তারা পাকিস্তানের স্কুল দলকে হারায়। তবে সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হার মানে তারা। এবারের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে উইলেসর ক্রিকেট সাফল্যের পালক আরও ভারী হয়েছে বলে জানান এখানকার শিক্ষক শাহ মোহাম্মদ জুয়েল রেজা। তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী দিনে অধিনায়কদের সঙ্গে রিকশায় আমাদের কয়েকজন শিক্ষার্থী ছিল। এটা আমাদের জন্য গর্বের বিষয়।’