চার ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর পোশাক ও আচরণ নিয়ে মন্তব্য করে মানসিক নির্যাতন করার অভিযোগে ছাত্রলীগের চার কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়। তাঁরা হলেন: ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম (৩৯তম ব্যাচ, অর্থনীতি), সৌরভ ইসলাম (৪০তম ব্যাচ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সাইফুর রহমান (৩৮তম ব্যাচ, সরকার ও রাজনীতি) ও সালাউদ্দিন পারভেজ (৪০তম ব্যাচ, ইতিহাস বিভাগ)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীর পোশাক ও আচরণ নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগবিতণ্ডাও হয়। প্রক্টর তপন কুমার সাহা বলেন, গতকাল রাতে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির জরুরি সভা হয়। সভায় ছাত্রলীগের চার কর্মীকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। আজ এ নোটিশ দিয়ে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাঁদের জবাবের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।