মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার তাঁদের বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ দাখিল করা হতে পারে।চার নেতা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু অবশ্য এ নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। জানতে চাইলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে কাজ চলছে। দেখা যাক কী হয়।’এদিকে ট্রাইব্যুনাল আজ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিত ও অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের (রিকল) বিষয়ে করা দুটি আবেদনের বিষয়ে আদেশ দেবেন। গত ২৯ ও ৩০ নভেম্বর আবেদন দুটির শুনানি হয়।রাষ্ট্রপক্ষের একাধিক কৌঁসুলি জানান, গত ১ নভেম্বর দেওয়া ট্রাইব্যুনালের আদেশ অনুসারে আজ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।গত ৩১ অক্টোবর তদন্ত সংস্থা নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার এবং কাদের মোল্লার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর সঙ্গে প্রায় আট হাজার পৃষ্ঠার আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ও নথিপত্র দেওয়া হয়েছে। কৌঁসুলিরা জানান, এসব প্রতিবেদন ও নথি বিশ্লেষণ করে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা হয়েছে। গত বছর ২১ জুলাই তদন্ত সংস্থা এই চার নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।আজ অভিযোগ দাখিল হলে ট্রাইব্যুনালে ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। এর আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এরই মধ্যে সাঈদীর বিচার শুরু হয়েছে। আর সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।প্রথমে সাঈদী, পরে সাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় গত ১১ জুলাই সাঈদীর বিরুদ্ধে। ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন সাঈদীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ (হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ প্রভৃতি), গণহত্যা এবং এসব অপরাধে সহযোগিতার অপরাধে ২০টি অভিযোগ গঠন করা হয়। পরে ৩০ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দুই দফা পিছিয়ে তা ৭ ডিসেম্বর ধার্য করা হয়। দুইবারই সাঈদীর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সাকা চৌধুরীর বিরুদ্ধেও। গত ১৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল হলে ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল সে অভিযোগ আমলে নেন। কিন্তু সাকা চৌধুরী তাঁর বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত ও অভিযোগ আমলে নেওয়ার আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন করেন। ট্রাইব্যুনাল আজ এ দুটি আবেদনেরও আদেশ দেবেন। গোলাম আযমের তদন্ত শেষ: মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ হয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও। গত ৩১ অক্টোবর তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে প্রতিবেদন কৌঁসুলিদের কাছে জমা দেন। প্রতিবেদনে গোলাম আযমকে গ্রেপ্তারের সুপারিশ করেছে তদন্ত সংস্থা।তদন্ত সংস্থার সূত্র জানায়, গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের ৫০টি অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সরাসরি কোনো অভিযোগ নেই। তবে তাঁর পরিকল্পনায় ও প্ররোচনায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর মতো গণহত্যা কিংবা ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।আলীমের প্রতিবেদন দ্রুত: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধেও তদন্ত প্রায় শেষের দিকে। তদন্ত সংস্থা জানায়, শিগগিরই তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে।জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে। আগামী বছর ১৬ জানুয়ারি আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ধার্য আছে।তদন্ত সংস্থার সূত্র জানায়, প্রথম দফায় মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।