চার জামায়াত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ চার নেতার বিরুদ্ধে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন। অন্য তিন শীর্ষ নেতা হলেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।একই সঙ্গে ট্রাইব্যুনাল আজ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিষয়ে দুটি আবেদনের বিষয়ে আদেশ দেন। একটি আবেদনে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ আমলে নেওয়ার আদেশ প্রত্যাহারের আবেদন জানান। তিনি বলেছিলেন, তাঁর অনুপস্থিতিতে অপরাধ আমলে নেওয়ায় বিধি ভঙ্গ করা হয়েছে। ট্রাইব্যুনাল এ আবেদনের আদেশে বলেন, বিধিমালা ২১(১) অনুসারে অপরাধ আমলে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আসামিকে সশরীরে উপস্থিত করার কোনো নির্দেশনা নেই। এ জন্য বিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি।অন্যদিকে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতের আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের বিধি তৈরির ক্ষমতা ট্রাইব্যুনালের নিজের ওপর রয়েছে। এ ক্ষেত্রে কোনো বিধি ভঙ্গ হয়নি।আদেশে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি এই ট্রাইব্যুনালে কার্যক্রম চালাতে পারেন কি না, সেটি একটি সাংবিধানিক বিষয়। এটি নিষ্পত্তি করার ক্ষমতা ট্রাইব্যুনালের নেই। এ ছাড়া আসামি আরও কয়েকটি যুক্তি উপস্থাপন করলেও সেগুলো এই ট্রাইব্যুনালে উত্থাপনযোগ্য নয় বলে উল্লেখ করেন ট্রাইব্যুনাল। এসব যুক্তির ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলা স্থগিত করার আবেদন খারিজ করা হয়। এর আগে সকালে জামায়াতের ওই শীর্ষ চার নেতাকে বিভিন্ন কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।রাষ্ট্রপক্ষের একাধিক কৌঁসুলি জানান, চারজনের বিরুদ্ধে আলাদাভাবে চারটি অভিযোগ দেওয়া হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা যে প্রতিবেদনগুলো দিয়েছিল, তার ওপর ভিত্তি করে অভিযোগ তৈরি করা হয়েছে।গত ৩১ অক্টোবর তদন্ত সংস্থা নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার এবং কাদের মোল্লার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর সঙ্গে প্রায় আট হাজার পৃষ্ঠার আনুষঙ্গিক তথ্যপ্রমাণ ও নথিপত্র দেওয়া হয়। কৌঁসুলিরা জানান, এসব প্রতিবেদন ও নথি বিশ্লেষণ করে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা হয়েছে। গত বছরের ২১ জুলাই তদন্ত সংস্থা এ চার নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে।