চার জেলার চরমপন্থী ও সন্ত্রাসীদের তালিকা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দক্ষিণাঞ্চলের চার জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও গোপালগঞ্জের চরমপন্থী নেতা এবং সন্ত্রাসীদের তালিকা করা হয়েছে। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এবং বর্তমানে কারাবন্দী চরমপন্থী নেতা ও সন্ত্রাসীরা এ তালিকায় রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থা এ তালিকাসহ সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এর অংশ হিসেবে এ তালিকাভুক্ত ব্যক্তিদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নিতে ওই চার জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ওই ব্যক্তিদের আবার গ্রেপ্তার করতে বলা হয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের সময় কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, এ চার জেলার বিভিন্ন মামলার আসামি কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে আগের মতো টেন্ডার-চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউপি নির্বাচনে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণেই আমরা সচেতন রয়েছি এবং পুলিশ সুপারদের অবস্থা পর্যবেক্ষণ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব চরমপন্থী নেতা ও সন্ত্রাসী আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহূত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করতে সরকারবিরোধী আন্দোলনে বিরোধী দল অথবা ওই আন্দোলনে ব্যবহারের জন্য সরকারি দলের কোনো কোনো নেতা-কর্মী কর্তৃক তাদের ব্যবহার করারও আশঙ্কা রয়েছে। ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন) বিভিন্ন অন্তর্কোন্দলের জের ধরে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর ক্ষেত্রেও এসব সন্ত্রাসীকে ব্যবহারের আশঙ্কা রয়েছে।প্রতিবেদনের সুপারিশে বলা হয়, চরমপন্থী নেতারা জামিনে মুক্তি পেয়ে আগের মতো বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হচ্ছেন। এ বিষয়ে সতর্ক নজরদারিসহ তাঁদের কার্যক্রম তদারকির জন্য গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যেসব প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা চরমপন্থীদের মদদ দেওয়ার সঙ্গে জড়িত, তাঁদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এসব চরমপন্থী নেতাকে আবার গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।সূত্র জানায়, ওই প্রতিবেদনে ইতিমধ্যে জামিনে মুক্ত ও জামিনে মুক্তির অপেক্ষায় থাকা যেসব চরমপন্থী-সন্ত্রাসীর তালিকা করা হয়েছে, তাঁরা হলেন গোপালগঞ্জ জেলা কারাগারে আটক মাওলানা ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ, হেদায়েত হোসেন ও আবদুর রহমান খান। তাঁদের মধ্যে জেএমবির সদস্য ওবায়দুর রহমান বোমা হামলা মামলার আসামি। অপর দুজনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে। সন্ত্রাস, ডাকাতি ও বোমা হামলার মামলা থাকা এইচ এম সাকিরুল ইসলাম, এইচ এম রাসেল গত ১০ আগস্ট এবং তরিকুল ইসলাম ১১ আগস্ট জামিনে মুক্তি পান। শিপলু, শওকত সরকার, আবদুল নূর সাঈদী, সেলিম সরকার, আবদুল্লাহ, মাসুম মিয়া ২৫ অক্টোবর মুক্তি পেয়েছেন। তাঁদের কেউ কেউ হরকাতুল জিহাদের সদস্য।খুলনা: হত্যাসহ পাঁচ মামলার আসামি গিয়াস গত বছরের ১৩ এপ্রিল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ৩২ মামলার আসামি আলিফ মোড়ল মুক্তি পেয়েছেন চলতি বছরের ২২ জানুয়ারি। এই দুজন আগের মতো সন্ত্রাস ও চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। পাঁচটি হত্যাসহ ১২ মামলার আসামি চরমপন্থী নেতা গাজী কামরুল ইসলাম ৫ জানুয়ারি মুক্তি পান। দুটি হত্যাসহ ছয়টি মামলা থাকা নিউটন বিশ্বাস জামিনে মুক্তি পান ২২ জানুয়ারি।সাতক্ষীরা: মাহবুবুর রহমান ওরফে মজি ও হযরত আলী ওরফে বুড়ো হযরত ১২ অক্টোবর এবং আলম হায়দার ৩১ অক্টোবর জামিনে ছাড়া পেয়েছেন। সন্ত্রাসী ও চাঁদাবাজ এ তিনজন আগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।বাগেরহাট: একটি হত্যাসহ চার মামলার আসামি মাহবুবুর রহমান টুটুল ১৭ সেপ্টেম্বর জামিনে ছাড়া পান। তিনি এলাকায় অবস্থান করে আগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। গামা বাহিনীর প্রধান জুলফিকার আলী ওরফে গামা ১২ অক্টোবর জামিনে মুক্তি পেয়ে সুন্দরবন এলাকায় রয়েছেন। তিনি সংঘর্ষ, ডাকাতি, অপহরণ, মুক্তিপণ দাবিসহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত।