চার জেলার ৪৮২ জন তাঁতিকে ঋণের টাকা আদায়ে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার তাঁতিদের মধ্যে বিতরণ করা ঋণের কোটি টাকা আদায়ের জন্য নোটিশ দেওয়ায় তাঁতিরা বেকায়দায় পড়েছেন। এ চার জেলার ৪৮২ জন তাঁতির কাছে বকেয়া টাকার জন্য তাঁত বোর্ড এ চূড়ান্ত নোটিশ দিয়েছে।কাহালু তাঁত বোর্ড কার্যালয় সূত্র জানায়, ২০০০ সাল থেকে গত বছর পর্যন্ত বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার ৬৪টি তাঁতি সমিতির এক হাজার ৬৩৪ জন তাঁতিকে এক কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে ২৯৯ জন ঋণগ্রহীতার কাছ থেকে পুরো টাকাসহ অন্যদের কাছ থেকে মোট এক কোটি সাত হাজার টাকা আদায় করা হয়েছে। বাকি এক হাজার ৩৩৫ জন তাঁতির কাছে ৮০ লাখ ২৬ হাজার টাকা তাঁত বোর্ডের পাওনা রয়েছে। তাঁত বোর্ড সূত্র জানায়, ওই চার জেলার তালিকাভুক্ত এক হাজার ১৫০ জন তাঁতির মধ্যে শতকরা ৪৫ ভাগ তাঁতির তাঁত অর্থাভাবে বন্ধ হয়ে গেছে। বিভিন্ন এলাকার তাঁতিরা জানান, তাঁতশিল্পের ব্যবসা আগের মতো আর নেই। এ ছাড়া সুতা, রং ও তাঁতশিল্পে ব্যবহ্নত মালামালের ঊর্ধ্বমূল্যের কারণে তাঁতিরা লোকসানের মুখে পড়েছেন। কাহালু উপজেলার প্রতাপপুর গ্রামের তাঁতি আবদুস সামাদ জানান, চারজনকে নিয়ে তিনি দুই হাজার টাকা খাটিয়ে ১৫ দিনে সাড়ে তিন হাত মাপের ১৫০টি গামছা তৈরি করেন। প্রতিটি পাইকারি ২৫ টাকা দরে বিক্রি করে ১৫০টি গামছায় ৭৫০ টাকা লাভ হয়। তাঁর হিসাব মতে, সারা দিন পরিশ্রম করে এক দিনে মজুরি পাচ্ছেন মাত্র ১২ টাকা ৫০ পয়সা। একই গ্রামের মনজু আরা বেগম জানান, মাসে শতকরা পাঁচ টাকা হারে সুদের ওপর টাকা নিয়ে দুই হাজার ৫০০ টাকা খাটিয়ে তিনজনে ১৫ দিনে এক হাজার ৭০০ টাকা আয় করেন। জনপ্রতি এক দিনে মজুরি পাচ্ছেন মাত্র ৩৭ টাকা। ইউনুছ আলীসহ বেশ কয়েকজন তাঁতি জানান, অর্থাভাবে তাঁদের তাঁত বন্ধ রয়েছে। তাঁত বোর্ডের কাছ থেকে নেওয়া ঋণ বাদেও বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকেও তাঁরা ঋণ নিয়েছেন। ১০ হাজার টাকা থেকে শুরু করে একেকজন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবারসহ মানবেতর জীবন যাপন করছেন। আবার অনেকে লোকসানের মুখে পড়ে বাপ-দাদার এ পেশা ছেড়ে দিয়েছেন। আবার কেউ কেউ রিকশা ও ঠেলাগাড়ি চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন। কাহালু তাঁত বোর্ড কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, ১৫ দিন সময় দিয়ে এ মাসেই তাঁতিদের কাছে চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁতিদের বিভিন্ন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।