চার জেলায় জামায়াতের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের বর্বর হামলার প্রতিবাদে রাজশাহী, নীলফামারী, মুন্সিগঞ্জ ও নেত্রকোনায় গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল চলাকালে ওই সব জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীর কার্যালয়ের আসবাবপত্র ও জানালার কাচ ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে বিন্দুর মোড় এলাকা থেকে মিছিল নিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে মিছিলকারীরা ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখা ও সাহেববাজার শাখা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। এ ছাড়া বাঘা উপজেলা সদরে ছাত্রলীগের কর্মীরা জামায়াতে ইসলামীর কার্যালয়ের দরজা ভেঙে একটি টেলিভশনসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেন।সাহেববাজার জিরো পয়েন্টের জনসভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন, চারঘাট-বাঘার সাংসদ শাহরিয়ার আলম বক্তব্য দেন।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, এগুলো ছোটখাটো ঘটনা বলে থানায় কেউ অভিযোগ করেনি। নীলফামারী: প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ গতকাল দুপুরে সংগঠনের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের অদূরে কেশবা এলাকায় জামায়াতে ইসালামীর কার্যালয়ের সামনে মিছিল থেকে ক্ষুব্ধ কর্মীরা কার্যালয়টিতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। পরে মিছিলটি সংগঠনের কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রবিউল ইসলাম, প্রতিরাম চন্দ্র রায়, রাশেদুল ইসলাম, ফণীভূষণ রায় প্রমুখ। কিশোরগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ।মুন্সিগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে মিছিলকারীরা ওই কার্যালয়ের তিন-চারটি জানালার কাচ ভাঙচুর করে। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা জামায়াতের কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ইটপাটকেল ছুড়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।নেত্রকোনা: সন্ত্রাসীরা গতকাল দুপুরে শহরের কুড়পারের নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর করে শহরে ফেরার পথে উপজেলা মসজিদ মার্কেটে তাঁর কম্পিউটারের দোকানে হামলা চালিয়ে একটি ফটোস্ট্যাট মেশিনসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি কম্পিউটার লুট করে।জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ওই সব হামলার ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।