চার জেলায় ঝড়ে সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর, ময়মনসিংহ ও গাইবান্ধায় আজ সোমবার এবং নাটোরে গতকাল রোববার রাতে ঝড়ে ঘর ও গাছের নিচে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৫ জন।আকস্মিক ঝড়ে ভেঙে গেছে বেশ কিছু ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা। বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর: সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ২৫টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্ত ঘর ও ভেঙে পড়া গাছের নিচে পড়ে তিনজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের মীরগঞ্জ মহল্লার তোফাজ্জল হোসেন (৫৫), শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামের শ্যামলা বেগম (৬০) ও সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মমেনা বেওয়া (৫৫)। স্থানীয় লোকজন জানান, ঝড়ে কয়েক শ ঘরবাড়ি ভেঙে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।ময়মনসিংহ: সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় ঝড়ে শিশুসহ দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলো ধোবাউড়ার গামারিতলা ইউনিয়নের পূর্ব গামারিতলা গ্রামের আবদুল জলিলের শিশুপুত্র সাহাদাত হোসেন (৭) ও ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৩০)। সন্ধ্যায় আধা ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে এলাকার কয়েক শ কাঁচা-পাকা ঘরবাড়ি ও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। বোরোসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।গাইবান্ধা: ঝড়ে সাঘাটা উপজেলার যুগিপাড়া গ্রামে গিরিশ চন্দ্র বর্মণ (৪৮) নামে একজন নিহত ও বিভিন্ন গ্রামের ১০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, জেলার বিভিন্ন উপজেলায় প্রায় দুই হাজার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে।নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলায় গতকাল রোববার রাতে ঝড়ে তিনটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় অর্ধশত ঘরবাড়ি ভেঙে গেছে। উপজেলার পূর্ণকলস গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়ির একটি মাটির ঘরের নিচে চাপা পড়ে জয়নব বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।