চার জেলায় নদীভাঙন বন্যা-পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর ও চরভদ্রাসন, কুষ্টিয়ার দৌলতপুর, মৌলভী-বাজারের কুলাউড়া এবং বরগুনা সদর উপজেলায় নদীর তীরবর্তী ব্যাপক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে সহস্রাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পদ্মা নদীর পানি বাড়ায় ফরিদপুরের সদর এবং কুষ্টিয়ার দৌলতপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১০ সেন্টিমিটার ও ভাগ্যকুল পয়েন্টে নয় সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার যথাক্রমে ১৯ ও ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে মনু নদের পানি ৩৫২ সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: পদ্মা নদীর পানি বাড়ায় সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আটটি গ্রাম ও আলীয়াবাদ ইউনিয়নের দুটি গ্রামের এক হাজার ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল সকালে বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। পানির তোড়ে গদাধরডাঙ্গি এলাকায় সাদিপুর-গজারিয়া কাঁচা সড়কের কিছু অংশ ভেঙে গেছে। চরভদ্রাসন-ফরিদপুর সড়কের কাদেরের মোড় এলাকায় মাটি ধসে গেছে। এ অংশটি মেরামত না করলে পাকা সড়কটি ভেঙে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দারা জানান।চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের শেকেরডাঙ্গি গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গত পাঁচ দিনে ওই গ্রামের ৭০ একর ফসলি জমিসহ ১০টি বসতভিটা সম্পূর্ণ ও ছয়টি বাড়ির আংশিক, একটি বক্স কালভার্ট, ২০টি বাঁশের ঝাড় পদ্মার গর্ভে তলিয়ে গেছে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ জানান, ‘পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর ভাঙনের মাত্রা বেড়ে গেছে।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, জেলার সার্বিক বন্যা-পরিস্থিতির ওপর তীক্ষ নজর রয়েছে। বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কুষ্টিয়া: পদ্মার পানি বাড়ায় দৌলতপুরের মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর, মাঝদিয়াড়, নতুনচর, মরারচর, ইসলামপুর, গোলাবাড়ী, ফিলিপনগরসহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে ২০টি বাড়িসহ ৩০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া রাইটা-মহিষকুণ্ডি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় হুমকির মুখে রয়েছে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় ও বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি ইউনিয়ন পরিষদ ভবন।বৈরাগীরচর গ্রামের কৃষক আনজের মোল্লা জানান, এবারের ভাঙনে তাঁর আউশ ধান ও পাটখেতসহ ২০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বেঁচে থাকার একমাত্র সম্বল আবাদি জমিগুলো হারিয়ে তিনি এখন নিঃস্ব। একইভাবে ওই এলাকার অসংখ্য কৃষকের আবাদি জমি প্রতিনিয়ত ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। ইউএনও আবু হেনা মো. মুস্তাফা কামাল জানান, এবারের বন্যায় নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দেওয়া হবে।বরগুনা: সদর উপজেলার বিষখালী নদীর নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকার ৫০ থেকে ৬০ ফুট জমি গত বৃহস্পতিবার ভোররাতে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরও এক কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। এতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ, পশ্চিম নিশানবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, খেয়াঘাটের যাত্রী ছাউনি, খেয়াঘাট বাজার ও ওই এলাকার ২০ বাড়ি হুমকির মুখে রয়েছে। স্থানীয় দোকানদার আবদুল হাই জমাদ্দার জানান, হঠাৎ করে এত বড় ফাটল ও ধসের ঘটনা এর আগে তাঁরা দেখেননি। পাউবো বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহাম্মদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে ভাঙনের বিষয়টি কেউ জানায়নি। আগে ওই এলাকার একটি স্লুইসগেট ভেঙেছিল সেটা জানি। খোঁজ নিয়ে যা করণীয় তা-ই করব।’মৌলভীবাজার: বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়ায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের বেলেরতল এলাকায় মনু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাঁধের প্রায় দেড় শ ফুট ভেঙে যায়। এ ছাড়া টিলাগাঁও ইউনিয়নের জালালপুর ও হাজীপুর ইউনিয়নের রনচাপ এলাকায় মনু নদীর বাঁধের কিছু মাটি ধসে পড়েছে। মৌলভীবাজার-২ আসনের সাংসদ নবাব আলী আব্বাস খান, ইউএনও মো. হাফিজুর রহমান চৌধুরী ও পাউবোর কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।পাউবো মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেলেরতলে প্রায় দেড় শ ফুট জায়গায় বাঁধ ভেঙে গেছে। তবে পানি কমায় এখন আর ভাঙছে না। বাঁধটি মেরামতের জন্য এখন সবকিছু ঠিকঠাক করা হচ্ছে।’