চার জেলায় বজ্রপাতে শিশুসহ নিহত ৭
কিশোরগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের কুতুবদিয়ায় আজ বুধবার বজ্রপাতের পৃথক ঘটনায় সাতজন নিহত হয়েছে।কিশোরগঞ্জ: নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নিকলী উপজেলার কাঁঠালকান্দি গ্রামের মাহমুদ হোসেনের ছেলে লোকমান বাড়ির পাশে দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি হাওর থেকে গরু আনতে যায়। এ সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।ওসি আরও জানান, আজ প্রায় একই সময় হাওরে মাছ ধরতে গিয়ে সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রামের হাদিস মিয়ার ছেলে তানজিল (১৬) বজ্রপাতে মারা যায়।গাজীপুর: শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে আজ বেলা ১১টার দিকে একদল শিশু বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাত হয়। এতে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সোহাগ (১১) ও শহীদুল ইসলামের ছেলে মুরাদ (১১) আহত হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা বরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।শ্রীপুরের ভরমী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ব্রাহ্মণবাড়িয়া: গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামে আজ ভোরে আবদুল কাদের ও তার বাবা আবদুল শুকুর কয়েকজন কৃষিশ্রমিক নিয়ে জামিতে ধান কাটতে যান। সকাল আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাত হয়। এতে আবদুল কাদের, আবদুল্লাহ (২২) ও হাবিবুল্লাহ (২৪) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আবদুল কাদেরকে মৃত ঘোষণা করেন। কাদের স্থানীয় চুন্টা এসি একাডেমির শিক্ষার্থী ছিল। আগামী বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কক্সবাজার: আজ দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের দরবার ঘাট এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মোহাম্মদ রমিজ (১৮) নিহত ও মোহাম্মদ আরিফ (১৪) আহত হয়। আরিফকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।নিহতরা লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজিরপাড়া এলাকার বাসিন্দা ছিল।কুতুবদিয়ার লেমশী খালী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোছাইন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।