চার জেলায় বিএনপির মিছিলে হামলা, লাঠিপেটা, আহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবারের হরতালের সমর্থনে বরিশাল মহানগর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির মিছিলে গতকাল রোববার হামলা চালিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া বরিশাল, খুলনা ও নাটোরে বিএনপির মিছিলে লাঠিপেটা করে পুলিশ। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। বরিশালে পুলিশের লাঠিপেটায় ১০ সাংবাদিকও আহত হন।এদিকে গত শনিবার রাত ও গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, এর সহযোগী সংগঠন ও জামায়াতে ইসলামীর আরও ১৯৫ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ১১২ জন। এর আগে গ্রেপ্তার করা হয় ১০৪ জনকে। তবে বিএনপি দাবি করেছে, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীর সংখ্যা ৩১৩ জন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, ‘বিরোধী দলের হরতাল ঠেকাতে ধরপাকড় করা হচ্ছে না। যাঁদের নামে মামলা ও পরোয়ানা আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু তাঁদের গ্রেপ্তার করছে। উদ্দেশ্যমূলকভাবে বা অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি, হবেও না।’ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশ ২৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯০ জন ও ডিএমপি আইনে ২২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এঁদের মধ্যে ১১২ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে কি না—এই প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘গণগ্রেপ্তার বলে কিছু নেই। শব্দটি নতুন শুনছি। অপরাধীদের ধরতে পুলিশ রুটিন অভিযান চালাচ্ছে।’ তিনি বলেন, গণগ্রেপ্তার হয়েছিল ২০০৬ সালে। ২০১০ সালে আর গণগ্রেপ্তার হবে না। ঢাকা মহানগরে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন গ্রেপ্তার হয়। একে গণগ্রেপ্তার বলা যাবে না।ডিএমপি কমিশনার বলেন, হরতালের নামে অরাজকতা ও নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। হরতালের দিন যে কেউ নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারবেন। স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। তবে হরতালকে পুঁজি করে কেউ জনগণের জানমালের ওপর হামলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।বরিশাল: মঙ্গলবারের হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল নগরে মিছিল বের করেন। বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতউদ্দিন সড়কে পুলিশ পেছন থেকে মিছিলে লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন। বিএনপি ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।একই সময়ে সদর রোডে বিএনপির আরেকটি মিছিলে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হন ১০ জন। পুলিশের লাঠিপেটা ও হামলার প্রতিবাদে বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের পুলিশ প্রেসক্লাবে যেতে বাধা দিলে দুই পক্ষে ধাক্কাধাক্কি হয়। বিএনপির নেতা-কর্মীদের প্রেসক্লাবে আসতে দেওয়ার অনুরোধ জানালে পুলিশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাসারকেও বাধা দেয়। পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এ সময় সাংবাদিক সাইফ আমীনকে ধাক্কা দিলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে লিটন বাসারসহ ১০ সাংবাদিক আহত হন। এর প্রতিবাদে বরিশালে কর্মরত সব সাংবাদিক সদর রোডে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।সাংসদ মজিবর রহমান বলেন, একদিকে আওয়ামী লীগ বলে, শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল-মিটিং করা যাবে, অন্যদিকে প্রশাসন ও দলীয় ক্যাডার দিয়ে হামলা চালায়। তাদের কথায় ও কাজে মিল নেই।বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবদুর রহিম প্রথম আলোকে জানান, পুলিশ প্রেসক্লাব অবরুদ্ধ করেনি। তারা সেখান থেকে ১০০ গজ দূরে ছিল।খুলনা: বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের খানজাহান আলী রোড থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। একই সময়ে যুবলীগও মিছিল বের করে। খানজাহান আলী সড়কের ফুল মার্কেটের সামনে মিছিল দুটি পৌঁছালে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশের বাধায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিলকারীদের হটিয়ে দেয়। লাঠিপেটায় ১০-১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে পুলিশ। এর পরপরই সংবাদ সম্মেলন করে নগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশের লাঠিপেটায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উপস্থিতিতে যুবলীগের কর্মীরা হামলা চালালেও পুলিশ উল্টো বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, হরতালের সমর্থনে ও বিপক্ষে দুটি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মৃদু লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়।নাটোর: জেলা বিএনপি দুপুর পৌনে ১২টার দিকে শহরের কানাইখালী থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আলাইপুরে বিএনপির কার্যালয়ের সামনে গেলে পুলিশ হঠাৎ শর্টগানের পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। এর পরও মিছিল চলতে থাকলে পুলিশ লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির সভাপতি সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুদকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মী আহত হন।পরে বিএনপির নেতা-কর্মীরা দলের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় মুসলিম ইনস্টিটিউটের সামনে থেকে যুবদলের তিন কর্মীকে আটক করে পুলিশ।রুহুল কুদ্দুস তালুকদার স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করার আগমুহূর্তে পুলিশ অযথা গুলি ছুড়েছে। পুলিশের বেপরোয়া লাঠিপেটায় আমিসহ অনেকে আহত হয়েছি।’নাটোর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিলের শেষ পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে এবং মৃদু লাঠিপেটা করে।মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলা সদরে বিএনপির একটি মিছিল দলীয় কার্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। মিছিলটি আবার দলীয় কার্যালয়ে ফেরার সময় বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে ১০ জন আহত হন।কিশোরগঞ্জ: শনিবার রাতে ও গতকাল কিশোরগঞ্জ সদর, ভৈরব, কটিয়াদী ও বাজিতপুর থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুুলিশ। এঁদের মধ্যে রয়েছেন সাদেক হোসেন, তোফাজ্জল হোসেন, মো. মনিরুজ্জামান ও আনিসুর রহমান।নোয়াখালী: শনিবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারি জানান, হরতালের সুযোগ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য এই অভিযান চলছে। নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।ফরিদপুর: ফরিদপুর সদর, চরভদ্রাসন ও বোয়ালমারী উপজেলায় বিএনপির পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এঁদের মধ্যে আছেন রেজাউল করিম, এনায়েত হোসেন ও মনির হোসেন। কোতোয়ালি ও বোয়ালমারী থানার ওসি যথাক্রমে নূরে আলম সিদ্দিকী ও শেখ আলী আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।ঝালকাঠি: ঝালকাঠিতে শনিবার রাতে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে তাঁদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে দুই দিনে গ্রেপ্তার হলেন ১৭ জন।শেরপুর: হরতালকে ঘিরে অরাজকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপি ও জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এঁদের মধ্যে নকলা পৌর বিএনপির সভাপতি মুখলেছুর রহমানও রয়েছেন।হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ থানার পুলিশ ভোররাতে বিএনপির দুজন ও জামায়াতের একজনকে গ্রেপ্তার করেছে।নীলফামারী: সকালে জেলার জলঢাকা উপজেলা বিএনপির দুই নেতাকে আটকের পর ১৫১ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার পূর্ণিমাগাঁতী বাজার থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আমতলী (বরগুনা): আমতলীতে ছাত্রদলের দুই নেতাকে আটকের পর ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ): উপজেলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।মৌলভীবাজার: সদর উপজেলার মাতারকাপন গ্রামের বাড়ি থেকে শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নেতা মতিন বকশকে গ্রেপ্তার করে পুলিশ।ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে শনিবার বিকেলে মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় ছাত্র ও যুবদলের ২৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় শনিবার রাতে পুলিশ দাশুড়িয়ার বাড়ি থেকে থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপনকে গ্রেপ্তার করে।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}