চার জেলায় সড়ক ও নৌ-দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও চুয়াডাঙ্গায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন এবং মাদারীপুরের শিবচরে নৌ-দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবারের এসব দুর্ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, আজ দুপুর দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় প্রভাতি বনশ্রী পরিবহনের যাত্রীবাহী একটি বাস মো. পারভেজ (১২) নামের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রভাতি বনশ্রী পরিবহনের দুটি বাস ভাঙচুর ও প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে কোনাবাড়ি হাইওয়ে ও আর্মড পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পারভেজ স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আটপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, আজ সকালে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকায় নেওয়ার পথে হারুন মিয়া (৪০) নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। হারুন উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আজ বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর এলাকার চুয়াডাঙ্গা-মুজিবনগর সড়কে একটি পাওয়ার টিলারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামির নাঈয়ান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও হীরা নামের অপর একজন আহত হয়েছেন। সামির চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়ার বাসিন্দা। আহত হীরাকে চিকিত্সার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।দামুড়হুদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, আজ সকালে মাদারীপুরের শিবচরের বিল পদ্মায় উপজেলার বহেরাতলা ইউনিয়নের করিমখানকান্দি এলাকার পাঁচটি শিশু ডিঙি নৌকায় মাছ ধরতে যায়। এ সময় বালুভর্তি একটি ট্রলারের সঙ্গে নৌকাটির সংঘর্ষ হলে শিশুদের সবাই পানিতে পড়ে যায়। চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও জাকির হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিখোঁজ থাকে। পরে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর বিকেলে জাকিরের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন চালকসহ ট্রলারটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। জাকির যাদুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।শিবচর থানার উপপরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।