চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, আশুলিয়া, নওগাঁ, গাজীপুর ও কুষ্টিয়ায় সাতটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন বলাকা ভবনের সামনে গতকাল রাতে বেপরোয়া গতির একটি বাসের চাপায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন ভ্যানচালক নুরুল ইসলাম (৩০) ও তাঁর ভায়রা আক্কাস আলী (২৮)। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বলাকা ভবনের সামনের সড়কে ঈগল পরিবহনের একটি বাস নুরুল ইসলামের ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। ভ্যানের পেছনেই বসে ছিলেন তাঁর ভায়রা আক্কাস আলী। বাসের চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। এরপর পুলিশ বাসটি ধাওয়া করলে উত্তরা থানাধীন আবদুল্লাহপুরে বাস রেখে পালিয়ে যায় বাসের চালক ও তাঁর সহযোগী। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জানা গেছে, নুরুল ইসলামের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। আর আক্কাস আলীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি বাসের চাপায় নজরুল ইসলাম (৪২) নামে এক পোশাকশ্রমিক ঘটনাস্থলে মারা যান। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকার আমজিল অ্যাপারেল নামে একটি পোশাক কারখানার স্টোর কিপারের দায়িত্ব পালন করতেন। তাঁর বাড়ি পাবনায়। তিনি আশুলিয়ার শ্রীপুরে থাকতেন।এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে রাস্তায় অবরোধ করে। সকাল সাড়ে ১০টার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শ্রমিক জনতা ব্যারিকেড তুলে নেয়।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সাইকেল যোগে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে বাসটি চাপা দিলে নজরুল ঘটনাস্থলে মারা যান। এদিকে আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আজ ভোর সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী (৪০) মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।গাজীপুর: সদর উপজেলার ভবানীপুর এলাকায় আজ সকালে বাস উল্টে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। নিহতেরা হলেন—লালমনিরহাটের মমিনুল ইসলাম (২০) ও ধামরাইয়ের জালাল মিয়া (২৫)। জালাল বাসটিতে চালকের সহকারী ছিলেন। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ প্রথম আলো অনলাইনকে বলেন, বাসটি শ্রীপুর থেকে কর্মীদের নিয়ে কাশিমপুরের তাহমিনা গার্মেন্টসে যাচ্ছিল। সকাল আটটার দিকে ভবানীপুরে এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পাশের পুকুর পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের র্যাকার দিয়ে বাসটি পুকুর থেকে তোলা হয়েছে। নওগাঁ: সদর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মাস্টারবাড়ি বাড়ি এলাকায় দ্রুতগামী একটি বাস পেছন থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নওগাঁ সদর উপজেলার হাপানিয়াপাড়া গ্রামের মোসলেম উদ্দিন (৫২), ভ্যানযাত্রী শহরের কোমাইগাড়ি মহল্লার বেলাল হোসেন (২২) ও মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামের গৃহবধূ কবিতা বেগমের (২৬) মৃত্যু হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় কবিতা দেড় বছরের ছেলে মিনহাজ, শাশুড়ি রিজিয়া খাতুন (৪৪) ও অজ্ঞাত পরিচয়ের একজনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। সেখানে রাত ১১টার দিকে চিকিত্সাধীন রিজিয়া খাতুনের মৃত্যু হয়। পরে মিনহাজের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যদের নওগাঁয় প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। তারা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ওই এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাসচালককে গ্রেপ্তার এবং শাস্তির প্রতিশ্রুতি দিলে দুই ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে নওগাঁ সদর থানায় দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় একটি মামলা করা হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক করেছে পুলিশ। কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ও রাতে দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া দুইটার দিকে খোকসা কালিতলা সড়কের রাজিনাথপুর এলাকায় নসিমন পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মুহম্মদ আলী মৃধা (৭০) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন মারা যান। আহত হন তাঁদের জামাতা বাবুল হোসেন (৪০) ও বাবুলের তিন বছরের মেয়ে অরণ্য। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় গতকাল রাত নয়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের সহকারী সোহাগ হোসেন (২৮) মারা যান। আহত হয়েছেন ট্রাকের চালক মোফাস্বর।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, দুটি ট্রাকই আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোহাগের বাড়ি যশোহরের মনিরামপুর উপজেলার কোমরপুর গ্রামে। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক (ঢাকা), নিজস্ব প্রতিবেদক (সাভার), কুষ্টিয়া অফিস, নওগাঁ প্রতিনিধি ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।