চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, ফরিদপুর, গাজীপুরের কালীগঞ্জ ও জয়পুরহাটের পাঁচবিবিতে আজ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:বগুড়া: আজ সকাল ১০টার দিকে জেলার বাইপাসের তিন মাথা মোড়ে বাসচাপায় মজিবুর রহমান (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা খাতুনের (৫০) মৃত্যু হয়েছে। তাঁরা বগুড়ায় তাঁদের ছেলে মোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়ানো শেষে পঞ্চগড়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। তাঁদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার খনিয়াপাড়া গ্রামে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, বগুড়া বাইপাসের তিন মাথা মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় টিআর ট্রাভেল পরিবহনের একটি বাস মজিবুর ও মোমেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমেনার মৃত্যু হয়। মজিবুরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টুমুরদী এলাকায় আজ সকাল আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনে আলম জানান, সকালে টুমুরদী এলাকায় ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক বাদল হওলাদার (৪০) ও অন্য একজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজন চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুলাইদ এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোর তিন যাত্রী নিহত এবং সাত যাত্রী আহত হয়।নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাহাপুর গ্রামের অজুফা (৪৫) ও তাঁর ছেলে মিঠুনের স্ত্রী চায়না এবং প্রতিবেশী আবু মিয়ার ছেলে জাহান মিয়া (৩০)।পুলিশ জানায়, টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুলাইদ এলাকায় সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা টেম্পোতে করে গাজীপুর থেকে বাজিতপুরে যাচ্ছিল। আহত ব্যক্তিদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা এলাকায় আজ দুপুরে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। হতাহত ব্যক্তিরা টেম্পোতে করে পাঁচবিবি বাজারের দিকে যাচ্ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাঁচবিবিমুখী যাত্রীবাহী টেম্পোটি হরেন্দা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হক (২৫) নামে টেম্পোর এক যাত্রী নিহত হন। তাঁর বাড়ি পাঁচবিবির বয়ড়া গ্রামে। আহত টেম্পোযাত্রীদের প্রথমে মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে এবং সর্বশেষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।