চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত
পাবনা, শেরপুর, ভোলা ও কিশোরগঞ্জের কটিয়াদীতে আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে।পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার বাওইখোলা এলাকায় আজ সকাল সোয়া নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বাওইখোলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রাজশাহীর টিকাপাড়ার নির্মলা (২৬), অনিতা (১৪) ও গাড়ির হেলপার মিন্টু (৩৫) মারা যান। আহত যাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল, আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের নার্গিস (৩৫) ও অজ্ঞাত পরিচয় আরেকজনের মৃত্যু হয়।আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদী এলাকায় আজ ভোরে বাস দুর্ঘটনায় শিশু মীম আক্তার (৪) ও শাহা আলীর (৩৫) মৃত্যু হয়। মীমের মা সাজেদা বেগমকে (৩৭) আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের বাড়ি ঝিনাইগাতী উপজেলার নাচনমহুরী গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাসটি ভোর চারটার দিকে মথুরাদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচরিতা এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে আজ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।জানা যায়, ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের আচরিতা এলাকায় কটিয়াদী থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের যাত্রী জালাল (১৫) নামে জেএসসির এক পরীক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।আহত যাত্রীদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক নূপুর সাহা।পরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভ্যানচালক শাহবুদ্দিন ও জোস্না বেগম এবং অজ্ঞাত পরিচয় এক যাত্রী মারা যান।চিকিত্সক জানান, তাঁদের কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে এ দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ২০টি গাড়ির কাচ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। স্থানীয় সাংসদ, উপজেলার চেয়ারম্যান ও পুলিশ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভোলা: জেলার দৌলতখান উপজেলার হোসাইনিয়া মাদ্রাসার সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এর পর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ আছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে জেলার চরফ্যাশন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিকুর রহমান (১৫) ও মো. সোহেল (১৫) এ বছর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সোহেল জেলার শিবপুরের আবু তাহেরের ছেলে এবং আতিক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলিয়া মাদ্রাসা সড়ক এলাকার খলিলের ছেলে।ছেলের মৃত্যু সংবাদ শোনার পর আতিকের বাবা হূদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাতপাতালে ভর্তি আছেন।দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।