চার তরুণের স্ট্রবেরি খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজপড়ুয়া চার তরুণ বন্ধু। স্ট্রবেরি চাষের উদ্যোগ নিয়েছিলেন এক লাখ ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে। বছর না ঘুরতেই সাফল্য। স্ট্রবেরি বিক্রি করে আয় হয়েছে ১০ লাখ টাকা। মজুদ আছে আরও কয়েক লাখ টাকার চারা। তাঁরা এখন সফল খামারি।গত বছর বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর এলাকার কলেজছাত্র মাসুদ ইমরান বাংলাদেশ টেলিভিশনে কৃষিবিষয়ক ‘কৃষি দিবানিশি’ অনুষ্ঠানে স্ট্রবেরি চাষের বাণিজ্যিক সম্ভাবনা দেখে অনুপ্রাণিত হন। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনেকের সঙ্গে আলোচনা করলেও কেউ তাঁকে তেমন কিছু জানাতে পারেননি। পরে তিনি একই গ্রামের তাঁর বন্ধু ঢাকা তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিব মাহমুদ, ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র বাহাউদ্দিন এবং আলমের সঙ্গে আলোচনা করেন। তাঁরা একত্রে একটি স্ট্রবেরির খামার করার উদ্যোগ নেন। গত বছর মে মাসে চারজন মিলে এক লাখ ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন।ঢাকার বন্ধুরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে স্ট্রবেরি চাষসংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। এরপর এলাকায় ৩৫ শতাংশ জমি পাঁচ বছরের জন্য ইজারা নেন তাঁরা। তাঁদের ৩৫ শতাংশ জায়গার জন্য ছয় হাজার চারা প্রয়োজন ছিল। প্রথমে দুই হাজার চারা কিনে একটি নার্সারি তৈরি করেন। সেখান থেকে সাত হাজার চারা উৎপন্ন হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুলাদী কাজিরচরে নিজস্ব খামারে কাজ করছেন চার বন্ধু। এখানে কথা হয় তাঁদের সঙ্গে। হাসিব মাহমুদ বলেন, ‘প্রথমে আমরা চার বন্ধু স্থানীয় কৃষি বিভাগে যোগাযোগ করলে অভিজ্ঞতা না থাকায় তারা কোনো সহযোগিতা করতে পারেনি। তারা আমাদের স্ট্রবেরির বদলে শসা, করলা, আখ ইত্যাদি চাষ করতে বলে। এরপর আমরা ঢাকায় খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করে নানা পরামর্শ ও সহযোগিতা পাই।’তিনি জানান, গত জুন মাসে তাঁরা পাবনার ঈশ্বরদীর একটি নার্সারি থেকে প্রতিটি ২৫ টাকা দরে দুই হাজার চারা কেনেন। ওই চারা দিয়ে নিজেরা চার মাসে বাকি চারা উৎপন্ন করেন।বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, স্ট্রবেরির মূল শত্রু গোড়া পচা রোগ। মাটি পরীক্ষা করে ব্লিচিং পাউডার ও চুন দিয়ে মাটি শোধন করে নিতে হয়। এ ছাড়া খামারে যাতে পানি না জমে সেদিকে লক্ষ রাখতে হয়। প্রথম বছর দেড় হাজার কেজি ফলন হয়েছে। বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা। খামার থেকে কমপক্ষে এক লাখ চারা বিক্রি করা সম্ভব হবে। এ থেকে আয় হবে কয়েক লাখ টাকা। মাসুদ ইমরান বললেন, ‘আমাদের উদ্যোগ সফল হয়েছে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিকল্পনা রয়েছে। এলাকার অনেকে আমাদের সাফল্যে স্ট্রবেরি চাষে আগ্রহী হয়েছে। আমি মনে করি, শুধু চাকরির দিকে তাকিয়ে না থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে কৃষিকাজে এগিয়ে আসা উচিত।’ বাজারজাত: খামারে কর্মরত চার বন্ধু প্রথম আলোকে জানান, দেশে এখন স্ট্রবেরি বাজারজাত করার তেমন অসুবিধা নেই। নিজেরা সরাসরি বাজারজাত করালে আয় ভালো হয়। প্রথমে তাঁরা একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা কম দাম বলায় নিজেরাই ঢাকায় কারওয়ান বাজারসহ বিভিন্ন ‘চেইনশপে’ সরবরাহ করছেন। এ ছাড়া বরিশালের বিভিন্ন দোকানে এমনকি অনেক সময় নিজেরাই প্যাকেট করে খুচরাও বিক্রি করছেন। তাঁরা জানালেন চার বন্ধুর মধ্যে প্রতিদিন দুজন খামারে থাকেন এবং দুজন স্ট্রবেরি বাজারজাত করতে বেরিয়ে পড়েন।চাষের সময়: সেপ্টেম্বর-অক্টোবর মাসে জমি তৈরি করে চারা রোপণ করতে হয়। এর আগে মাটি পরীক্ষা করে পিএইচ মান ঠিক করা প্রয়োজন। পিএইচ মান থাকতে হয় ৬.৫ থেকে ৭.৫-এর মধ্যে। মাটিতে চুন অথবা ব্লিচিং পাউডার দিয়ে মাটি শোধন করে নিতে হয়। মাটি শোধিত না হলে স্ট্রবেরিগাছের গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে।ফলন: ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফলন পাওয়া যায়। ৩৫ শতাংশ জমি থেকে গড়ে প্রতিদিন ২০ কেজি ফলন পাওয়া যায়। প্রতি কেজি বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়।