শ্রমিক সংগঠনের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৪৩ জন অনিয়মিত শ্রমিক কর্মবিরতি পালন করছে। আজ রোববার সকাল নয়টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে তাঁরা জড়ো হয়ে এ কর্মবিরতি শুরু করেন।তাপ বিদ্যুৎকেন্দ্রে উত্পাদন বন্ধের হুমকিসহ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে।তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই শ্রমিকেরা তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী নন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে দৈনিক মজুরির ভিত্তিতে তাঁরা প্রকল্পে কাজ করেন। অকারণে শ্রমিকেরা কর্মবিরতি করছেন। তিনি বলেন, গত শনিবার কর্মকর্তাদের সঙ্গে তাঁর কক্ষে মিটিং চলছিল।এ সময় শ্রমিক সংগঠনের সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে তাপ বিদ্যুৎকেন্দ্রের উত্পাদন বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। তাঁকে সতর্ক হওয়ার জন্য আপাতত সাত দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।শ্রমিকদের ভাষ্য, বিনা অপরাধে নুরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের একটি চিঠির বিষয়ে খোঁজখবর নিতে গেলে প্রধান প্রকৌশলী শ্রমিকদের অপমান করে। প্রধান প্রকৌশলী তাঁর কক্ষ থেকে দুই শ্রমিক নেতাকে বের করে দেন। শিগগির বহিষ্কারাদেশ প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ, স্থায়ী নিয়োগ ও বোর্ডের নিকট অনিয়মিত শ্রমিকদের তালিকা দ্রুত পাঠানোর দাবিতে কর্মবিরতি শুরু করা হয়।সমস্যা সমাধানে বেলা দুইটায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের শ্রমিক প্রতিনিধির সঙ্গে কর্তৃপক্ষ বৈঠকে বসে। বিকেল পাঁচটা পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই বৈঠক চলে।সংগঠনের সভাপতি নুরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, সমস্যার সমাধান হয়নি, পরবর্তী কর্মসূচিও দেওয়া হয়নি। কর্তৃপক্ষ মুচলেকা চাওয়ায় তাঁরা বের হয়ে আসেন।প্রধান প্রকৌশলী আবু তাহের বলেন, উত্পাদন অব্যাহত আছে। পরে যাতে এ ধরনের ঘটনা না ঘটানো হয়, এর জন্য মুচলেকা চাওয়া হয়েছিল। শ্রমিকেরা সেটা না দিয়ে চলে গেছেন।