চার দল, দাবি ভিন্ন, কর্মসূচির সময় অভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে ব্যতিব্যস্ত রাখতে বিএনপির কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথক দাবিতে ধারাবাহিক কর্মসূচি দেওয়ার কৌশল নিয়েছে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো। একপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চায় দলগুলো।সম্প্রতি বিএনপির সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও সরকারবিরোধী ধর্মভিত্তিক দলগুলোর সংগঠন সম্মিলিত ওলামা মাশায়েখ জোট একই সময়ে ভিন্ন ভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। তবে সব কর্মসূচিই বিএনপি ঘোষিত কর্মসূচির কাছাকাছি সময়ে পালনের ঘোষণা দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিএনপি আহূত হরতালেও প্রথমবারের মতো বিএনপির সব শরিক দল রাজপথে কিছুক্ষণের জন্য হলেও নেমেছিল। এরপর শরিক দলের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বর্তমান সরকারের আমলে বিরোধী দলের আন্দোলনের এটা একটা নতুন দিক।বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, কর্মসূচি নির্ধারণ নিয়ে এখন জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সমঝোতার ভিত্তিতে সবাই কর্মসূচি দিচ্ছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত চারদলীয় জোটের ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জোটের শরিক দলগুলো একে অপরের কর্মসূচিকে সমর্থন দেবে। তবে শরিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য বলেছেন, ‘সবাই কর্মসূচি পালন করতে থাকব এবং একপর্যায়ে জোটবদ্ধ জোরালো আন্দোলন গড়ে উঠবে।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী এ বিষয়ে বলেন, ‘জোটের দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। এখন বিএনপি আমাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কর্মসূচি দিচ্ছে। আগে তো তারা একাই দিয়ে দিত। এটা একটা অগ্রগতি।’ তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও আগেই শুরু হয়েছে। আস্তে আস্তে সবাইকে কাছাকাছি আসার উদ্যোগ নেওয়া হয়েছে।বিএনপির সঙ্গে কী কথা হয়েছে—জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, ‘সবাইকে নিজ নিজ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে বলেছে বিএনপি। আমরা সাবাই আশা করছি, দলীয়ভাবে করতে করতে একটা পর্যায়ে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন হয়ে যাবে।’জোটের আরেক শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের এ বিষয়ে বলেন, ‘আমরা মনে করি, সবার কর্মসূচি থাকা দরকার। আর আমরা একে অন্যের কর্মসূচি জেনে কর্মসূচি নির্ধারণ করছি।’ কেন এটা করছেন—জানতে চাইলে তিনি বলেন, সবাই অনুভব করে, মিল থাকা ভালো।অবশ্য বিএনপি ও শরিক দলগুলো ভিন্ন ভিন্ন বিষয়ে উদ্বিগ্ন। বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তারেক-কোকোসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ৫ ডিসেম্বর থানা ও উপজেলা, ৭ ডিসেম্বর জেলা পর্যায়ে ও ৯ ডিসেম্বর মহানগর পর্যায়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও এই দিনগুলোতে একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। তবে তাদের দাবি ভিন্ন: বাহাত্তরের সংবিধানে ফিরে গিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের নীতি গ্রহণ, ‘ধর্মহীন’ শিক্ষানীতি করা, ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়া, ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিবাদ, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তি এবং জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার তল্লাশি চালানো বন্ধ করা।অন্যদিকে কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটিও ৫ ও ৯ ডিসেম্বর কর্মসূচি রেখেছে। জোটের শরিক দল ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলামীসহ প্রভৃতি দল এই সংগঠনের সদস্য। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামিম মো. আফজালকে অপসারণ এবং শিক্ষানীতি বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি দিয়েছে।