চার দল দুর্নীতি করেও ১৮ টাকায় চাল খাইয়েছে: আজহার
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, চার দল দুর্নীতি করেও ১৮ টাকা কেজি দরে চাল খাইয়েছে। দেশের মানুষ তখন শান্তিতে ছিল। আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম এ কথা বলেন।‘ধর্মহীন শিক্ষানীতি’ চাপিয়ে দেওয়ার প্রতিবাদ, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং জনদুর্ভোগ নিরসন ও দলের নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়। দলের সাংসদ ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ এতে সভাপতিত্বে করেন।এ টি এম আজহার বলেন, ‘তারা (সরকার) কথায় কথায় বলে, চার দল দুর্নীতি করেছে। চার দল দুর্নীতি করেও ১৮ টাকায় চাল খাইয়েছিল, আর দুর্নীতি না করেও সে চাল ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। দুর্নীতি না করলে এখন জিনিসের দাম বাড়ে কেন? কারণ আপনাদের দুর্নীতি হচ্ছে ডিজিটাল কায়দায়। জনগণ অচিরেই ডিজিটাল দুর্নীতির কথাও জানবে ইনশাল্লাহ।’জোট সরকারের সময় আওয়ামী লীগের হরতালের কথা উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, ‘দুই হরতালেই কুপোকাত, আর আমাদের সময় কত হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন। কিন্তু আমরা দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করে দেশ পরিচালনা করেছি। অথচ হরতালের আগেই চালের কেজি ৩৮ টাকা হয়েছে, হরতাল হলে কত হবে।’আজহারুল ইসলাম আরও বলেন, ‘আপনারাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এ সরকার অতীত আর ভবিষ্যেতের সরকার। তাদের মুখে কেবল শুনতে পাবেন অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি, আর শুনতে পাবেন ভিশন টুয়েন্টি ওয়ান। কিন্তু মানুষ অতীতের কেচ্ছা-কাহিনি শুনতে চায় না। আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশ আবার নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দিকে চলে যাচ্ছে। কিন্তু নব্বইয়ের গণ-অভ্যুত্থান ছিল প্রকাশ্য। এখন মানুষ ভেতরে ভেতরে ফুঁসছে, তাঁরা কথা বলতে পারছেন না। এর চেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।’ জাতীয় শিক্ষানীতি দেশের জনগণ মানে না বলেও জানান তিনি।এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল ইসলাম, জামায়াতের কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, রেদওয়ান উল্লাহ শাহেদী প্রমুখ বক্তব্য দেন।