চার দলিল লেখক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি জালিয়াতির ঘটনায় চার দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসন ওই জালিয়াতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।এদিকে জালিয়াতির মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসী আন্দোলন কর্মসূচির জন্য গতকাল শুক্রবার ৩১ সদস্যের সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সংগ্রাম পরিষদ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে দলিল বাতিল, সংশ্লিষ্ট কার্যালয়ে খোঁজখবর রাখাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেবে।গ্রামবাসী জানান, জালিয়াত চক্র মৃত ব্যক্তির নাম ব্যবহার করে কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের সাতটি মৌজার প্রায় ৫০০ বিঘা জমি হাতিয়ে নিয়েছে। এর প্রতিবাদে গত মঙ্গল ও বুধবার তাঁরা বিক্ষোভ করেছেন।চার দলিল লেখক সাময়িক বরখাস্ত: জাল-জালিয়াতির দলিল লেখার অভিযোগে বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. শাহজাহান মিয়া, মো. তমছের আলী, মো. মোস্তাফিজুর রহমান ও আবদুল কুদ্দুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, জালিয়াত চক্রের সঙ্গে যোগসাজশে ওই সব জমির জাল দলিল লেখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই চার দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সফিউর রহমান জানান, উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার কাউসার হোসেনকে তাৎক্ষণিক বদলি করে কাপাসিয়া উপজেলায় পাঠানো হয়েছে। তিনি এর আগে সাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে ছিলেন। জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তাঁর আমলে ভুয়া দাতা সেজে ১০টি আমমোক্তারনামা দলিল সৃষ্টির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এসব দলিলে চার হাজার ১৫৩ শতাংশ জমি ওই চক্র হাতিয়ে নিয়েছে।তদন্ত কমিটি: জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, জালিয়াতির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সফিউর রহমানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: জেলা রেজিস্ট্রার হাসিনা বেগম, গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানিজ জাহান হোসেন, আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলীম। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রারকে বদলির জন্য আইন মন্ত্রণালয়কে সুপারিশ করে পত্র দেওয়া হয়েছে।এর আগে ঘটনাটি তদন্তে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় উপসচিব অরূপ কুমার গোস্বামীকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি করে।হোতারা ধরাছোঁয়ার বাইরে: জালিয়াতির ঘটনায় মঙ্গল ও বুধবার তিনটি মামলা করা হয়। পুলিশ ওই তিন মামলায় এক দলিল লেখকসহ দুজনকে গ্রেপ্তার করলেও মূল হোতাদের কাউকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জালিয়াত চক্রটি গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার প্রথম আলোয় ‘৫০০ বিঘা জমির জাল দলিল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।