চার দলের রোডমার্চ সোমবার থেকে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী সোমবার শুরু হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচি।ওই দিন ঢাকা থেকে সিলেট অভিমুখে রোডমার্চের মধ্য দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে চারদলীয় জোটের আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। কর্মসূচি সফল করতে চলছে নানা প্রস্তুতি।বিএনপির নেতারা জানান, খালেদা জিয়ার নেতৃত্বে ওই দিন সহস্রাধিক গাড়ির বহর সিলেটে পৌঁছাবে। ঢাকার গুলশান থেকে যাত্রা শুরুর পর পথে পথে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা গাড়িবহরে যুক্ত হবেন। এ সময় ছয়টি পথসভা হবে। আর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হয়েছে বড় ধরনের জনসভা।এদিকে বিরোধী দলের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগও দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। ফলে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় করতে চায়। এতে সরকারের পক্ষ থেকে বাধা এলে তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি পালিত হবে। প্রয়োজনে হরতালও দেওয়া হতে পারে। তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর।প্রথম দফায় সিলেটের পর ১৮ অক্টোবর রাজশাহী বিভাগ অভিমুখে রোডমার্চ হবে। এই দুটি রোডমার্চ ১৫টি জেলার ওপর দিয়ে যাবে। আর ঈদের পর চট্টগ্রাম ও খুলনা অভিমুখে পালিত হবে একই কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে দলটির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা উজ্জীবিত বলে বিএনপির নেতারা দাবি করছেন।দলীয় সূত্রগুলো জানায়, রোডমার্চ সামনে রেখে স্থানীয় পর্যায়ের নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দলের সবাইকে একযোগে মাঠে নামাতে উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট জেলা পরিদর্শন ও কর্মিসভা করেছেন।সিলেটে রোডমার্চ-সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেছেন, রোডমার্চ সফল করতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। প্রস্তুতিও ভালো। স্থানীয় সব নেতাকে বলা হয়েছে, সব ভেদাভেদ ও ছোটখাটো ভুল-বোঝাবুঝি ভুলে কর্মসূচি সফল করতে হবে।বিএনপির সূত্রে জানা গেছে, সিলেট অভিমুখে রোডমার্চের পথ চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার ঢাকা থেকে শুরু হওয়া রোডমার্চ মোট ছয়টি জেলার ওপর দিয়ে যাবে। এ সময় ছয়টি পথসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। পথসভার স্থানগুলো হলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো চৌরাস্তা, নরসিংদীর ইটখোলা মাঠ, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার বাঙ্গালবাড়া উচ্চবিদ্যালয় মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুর। এরপর রোডমার্চের বহর সিলেটে পৌঁছাবে। পরদিন মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা চারদলীয় জোটের ডাকা কর্মসূচি হলেও যেকোনো রাজনৈতিক দল চাইলে এতে অংশ নিতে পারবে।সূত্র জানায়, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রোডমার্চে অংশ নেবে। এ ছাড়া বিএনপির সমমনা ছোট ছোট আটটি রাজনৈতিক দলের নেতারাও রোডমার্চে অংশ নেবেন।গত ২৭ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় এক জনসভায় ঢাকা থেকে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম অভিমুখে তিনটি রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন। পরে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ স্থগিত করা হয়। ওই দিন, অর্থাৎ ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা করা হবে। আর চট্টগ্রামের রোডমার্চ কোরবানির ঈদের পর হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। এ ছাড়া পরে খুলনা ও বরিশাল অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির।সিলেটে বিএনপিতে দ্বন্দ্ব, সক্রিয় জামায়াত: রোডমার্চ কর্মসূচি সফল করতে সিলেটে বিএনপির চেয়ে জামায়াত বেশি সক্রিয়। ২৮ সেপ্টেম্বর থেকে গত বুধবার পর্যন্ত জামায়াত সিলেট জেলার সব কটি উপজেলায় প্রস্তুতি সভা, প্রচার, জনসংযোগ ও মিছিল করেছে।স্থানীয় জামায়াতের নেতারা অভিযোগ করেন, শহরে সভা বা মিছিল করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে।দলীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর রোডমার্চ কর্মসূচি ঘোষণার পর ওই রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর বাসায় প্রস্তুতি বৈঠক হয়। এতে বিএনপির সমমনা দলের নেতাদের উপস্থিতিতে ইলিয়াসকে আহ্বায়ক মনোনীত করে সিলেটে চারদলীয় জোট পুনর্গঠন করা হয় এবং জোটের সাংগঠনিক পর্যায়ের দায়িত্ব দেওয়া হয় জামায়াতকে।জামায়াতের সিলেট জেলা (উত্তর) শাখার আমির আনওয়ার হোসাইন খান বলেন, ‘এই কর্মসূচি পালনে জামায়াত গুরুত্বপূর্ণ।’রোডমার্চ সফল করতে প্রয়াত এম সাইফুর রহমানের অনুসারী বিএনপির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার দুপুরে আলাদাভাবে প্রচারে নামেন। এই অংশের নেতা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাহের শামীম প্রথম আলোকে বলেন, ‘আমাদের তারা (ইলিয়াস আলীর অনুসারীরা) ডাকেনি। দল যেহেতু একটাই আর কর্মসূচিও একটি, তাই আমরা পৃথকভাবে প্রচার শুরু করলাম।’এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার বলেন, ‘এটা আসলে জনসমুদ্রের বিপরীতে গুটি কয়েকজনের আলাদা থাকার চেষ্টা। আমরা তো কাউকে ডেকে আনছি না। সবাই দলীয় স্রোতের টানে আসছে। তারা এলে ভালো, না এলে কিছু করার নেই।’এদিকে গতকাল শুক্রবার থেকে বিএনপির কেন্দ্রীয় সমন্বয়কারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিলেটে পৌঁছায়। প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির সব পক্ষকে একযোগে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।