সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চারদলীয় জোটের শরিকেরা তাকিয়ে আছে বিএনপির দিকে। জোটের প্রধান শরিক দল বিএনপির নেতৃত্বেই মাঠে নামতে চায় জামায়াতে ইসলামীসহ বাকিরা। এ নিয়ে চলতি সপ্তাহে বিএনপি-জামায়াত দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।এ ছাড়া চার দলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসও সরকারবিরোধী জোরদার আন্দোলন গড়ে তুলতে বিএনপিকে তাগাদা দিচ্ছে বলে দল দুটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেছেন, ‘সব দলই আশা করছে, বিএনপি কর্মসূচি দিয়ে মাঠে নামলে তারা অংশগ্রহণ করবে। তাই আলোচনার টেবিলে না থেকে এখন বিএনপিকে মাঠে নামতে হবে।’অবশ্য ঈদের দিন শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী অক্টোবরে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। কিন্তু কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার জন্য এখন পর্যন্ত বিএনপির সাংগঠনিক অবস্থা বা প্রস্তুতি নেই বলে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বিএনপি-জামায়াত দ্বিপক্ষীয় বৈঠক: দলীয় সূত্র জানিয়েছে, জোটবদ্ধ আন্দোলনের কর্মপন্থা নিয়ে দু-এক দিনের মধ্যে বিএনপি ও জামায়াতের মহাসচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করার কথা আছে। ওই বৈঠকে স্বল্পমেয়াদি আন্দোলন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের দাবি, জনগণ মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে আছে। তিনি বলেন, ‘সরকার যত জুলুম-নির্যাতনই করুক, জনগণের স্বার্থে আমরা মাঠে থাকার সর্বাত্মক চেষ্টা করব। এর মধ্য দিয়ে সরকারের পতন ত্বরান্বিত করব।’সূত্রগুলো জানায়, জনসম্পৃক্ত আন্দোলনের কর্মসূচির বিষয়ে চার দলের নেতারা চিন্তাভাবনা করছেন। এ ক্ষেত্রে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে জনসভা করার কথা ভাবা হচ্ছে। এর ফাঁকে ফাঁকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, গণমিছিল, গণ-অনশন, অবস্থান ধর্মঘট ও লংমার্চের মতো কর্মসূচি নেওয়া হতে পারে। সূত্রের দাবি, এসব কর্মসূচি পালনে পুলিশ বাধা না দিলে আপাতত হরতাল কর্মসূচির কথা ভাবছেন না তাঁরা।জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘খুব শিগগির আমাদের স্থায়ী কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে কর্মসূচি নির্ধারণ করব।’দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর চারদলীয় জোটের বৈঠক ডাকা হবে। এরপর সমমনা দলগুলোর সঙ্গে কথা বলতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় তিনি কয়েক দিন কার্যালয়ে আসছেন না। এ কারণে স্থায়ী কমিটির সভা কয়েক দিন পেছাতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কেন্দ্রীয় নেতৃত্বে অবিশ্বাস, সহযোগী সংগঠনে দ্বন্দ্ব: দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, কঠোর আন্দোলনের জন্য বিএনপির সাংগঠনিক প্রস্তুতিতে ঘাটতি আছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে পারস্পরিক দ্বন্দ্ব ও অবিশ্বাস কাটেনি, বরং সম্প্রতিকালে আরও প্রকট হয়েছে। দলটির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব অন্তর্দ্বন্দ্বে কয়েক ভাগে বিভক্ত। শ্রমিক দল নিষ্ক্রিয়। কৃষক দলের কমিটি নেই প্রায় এক যুগ ধরে। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন মূল দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন।এত সাংগঠনিক দুর্বলতা রেখে বিএনপি সরকারবিরোধী কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমে কতটা সফল হতে পারবে, তা নিয়ে সংশয় আছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ‘আন্দোলনের জন্য সাংগঠনিক ছোটখাটো দুর্বলতা কোনো সমস্যা নয়।’ আর গয়েশ্বর চন্দ্র রায়ের মতে, ‘বিএনপিকে এত দুর্বল ভাবলে চলবে না। আন্দোলন সব সময় সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করে না। বরং জনআকাঙ্ক্ষার ওপর নির্ভরশীল। আমরা যদি জনআকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি দিতে পারি, তাহলে জনগণ সাড়া দেবে।’