চার দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিত্সকেরা আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে কলেজের শিক্ষার্থীরাও তাঁদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিত্সকদের সঙ্গে বহিরাগত লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ইন্টার্নি চিকিত্সকেরা শুক্রবার থেকে ধর্মঘট পালন করেন।কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের নেতাদের নিয়ে শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিত্সকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে গতকাল সোমবার দুপুরে মতৈক্যে পৌঁছেন।বৈঠকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনায় জড়িত হাসপাতালের চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারীর বহিষ্কার, শিক্ষার্থীদের ছাত্রাবাসের নিরাপত্তা জোরদার, সীমানাপ্রাচীর উঁচুকরণ, পরিচয়পত্র সরবরাহসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।আলোচনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দাবি এরই মধ্যে পূরণ করা হয়েছে ও বাকিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়। ফলে আজ সকাল থেকে ধর্মঘট তুলে নেন শিক্ষার্থীরা ও ইন্টার্নি চিকিত্সকেরা কাজে যোগ দেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িত সেলিম আহাম্মেদ (২২) ও আবু সাঈদ (২২) নামে আরও দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মামলার প্রধান আসামি আরিফের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি কাল অনুষ্ঠিত হবে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান বলেন, সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠকের পর বেশ কিছু দাবি পূরণ এবং বাকি দাবিগুলো পূরণের আশ্বাস ও কাজ শুরু করায় আন্দোলনের অবসান ঘটেছে।কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় অবস্থান ধর্মঘটের অবসান হয়েছে। আজ পূর্বনির্ধারিত পোস্ট গ্র্যাজুয়েটদের মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কাল সকাল থেকে শিক্ষার্থীরা যথারীতি ক্লাস করবেন।