ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চার দিনের কর্মবিরতি শেষে ইন্টার্নি চিকিত্সকেরা আজ বুধবার কাজে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে ইন্টার্নি চিকিত্সক পরিষদের নেতাদের সঙ্গে হাসপাতাল প্রশাসন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের সমঝোতা বৈঠক হয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টার্নি চিকিত্সকেরা আজ কাজে যোগ দেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান জানান, ইতিমধ্যে হাসপাতালে পুলিশি নিরাপত্তাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচন শেষে পুলিশের একটি স্থায়ী ফাঁড়ি স্থাপনের ব্যাপারে আমরা আশ্বাস পেয়েছি। ইন্টার্নি চিকিত্সক পরিষদের সভাপতি চিকিত্সক মো. আরমান হোসেন বলেন, ‘ছয় দফা দাবি নিয়ে গতকাল দুপুরে হাসপাতাল প্রশাসন ও বিএমএ নেতাদের সঙ্গে আমাদের বিশদ আলোচনা হয়। এরই মধ্যে বেশ কয়েকটি দাবি বাস্তবায়িত হয়েছে।’উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় এ হাসপাতালে চিকিত্সাধীন এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চিকিত্সকের অবহেলার অভিযোগে তার স্বজনেরা চিকিত্সকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শনিবার সকাল থেকে ইন্টার্নি চিকিত্সকেরা ছয় দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন।