টানা চার দিনে দরপতনের পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সাধারণ মূল্যসূচক ৯ শতাংশের বেশি বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৭ শতাংশের বেশি। তবে দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন কমেছে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, অব্যাহত দরপতনের পর সূচকের এই উল্লম্ফন অনেকটা স্বাভাবিক ব্যাপার। কেননা, বাজার যেভাবে কমেছে—এমন অবস্থার পর সূচক হঠাত্ করে বাড়তেই পারে। এ ছাড়া গতকাল জাতীয় সংসদে পুঁজিবাজার নিয়ে আলোচনার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। এর কিছুটা হলেও প্রভাব পড়ছে বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯.১০ শতাংশ বা ৩২৯.১৫ পয়েন্ট বেড়ে ৩৯৪৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে যায়। সূচক বৃদ্ধির এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে সব কটিরই দাম বেড়েছে।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৯১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, আরএন স্পিনিং, এনবিএল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, স্কয়ার ফার্মা ও যমুনা অয়েল।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭.৫৩ শতাংশ বা ৮১১.৮৮ পয়েন্ট বেড়ে ১১৫৯৫.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৬টিরই দাম বেড়েছে। আর কমেছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকার কম।