চার দিন বন্ধ থাকবে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু
মেরামতকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর ওপর দিয়ে চার দিন যান চলাচল বন্ধ থাকবে। আজ রোববার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘আগামী ৪ জানুয়ারি সকাল ছয়টা থেকে ৮ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত এই দুই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।’সেতু দুটির প্রথম পর্বের স্থায়ী মেরামতকাজের সময়ে চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা যাতায়াতের বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম-কুমিল্লা-ময়নামতী-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোড মোড়-আশুগঞ্জ-ভৈরব-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর সেতু-যাত্রাবাড়ী-ঢাকা সড়ক এবং ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম যাতায়াতের জন্য ঢাকা-যাত্রাবাড়ী-কাঁচপুর সেতু-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোড মোড়-ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতী-কুমিল্লা-চট্টগ্রাম সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানান মন্ত্রী।ওবায়দুল কাদের ওই চার দিনের জন্য রেলমন্ত্রীকে ঢাকা-চট্টগ্রাম পথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে অনুরোধ জানান। মেরামতের প্রয়োজনে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসেও সেতু দুটি কয়েক দিন বন্ধ রাখা হবে বলে জানান মন্ত্রী। সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসাব, বর্তমানে এই দুই সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করে ।