চার দিনেই লজ্জার হার
শীতকালীন চুক্তি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে খামোখাই দেনদরবার করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। হারারের প্রথম টেস্টের পর তো মনে হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে বেশি খেলোয়াড় তাদের দরকারই পড়ে না! ব্রেন্ডন টেলর একাই এক শ।শেষ পর্যন্ত অবশ্য টেলরকে অতিক্রম করে যাওয়ার ‘চ্যালেঞ্জ’ বাংলাদেশ জিতেছে। দুই ইনিংস মিলে তিনি একা করলেন ২৭৩, বাংলাদেশের ২২ ব্যাটসম্যানের রান তার চেয়ে ৮ বেশি হলেও বেশি তো! প্রথম ইনিংসের ১৩৪ রানের সঙ্গে পরের ইনিংসে ১১ ব্যাটসম্যান মিলে আরও ১৪৭ রান যোগ করে পেছনে ফেলে দিলেন টেলরকে।প্রতিপক্ষ শুধু টেলর হলেও জেতাটা যেখানে চ্যালেঞ্জ হয়ে যায়, সেখানে সামনে গোটা জিম্বাবুয়ে দল থাকলে পরিণতি কী হতে পারে ভাবুন। থাক, কষ্টকর ভাবনায় পীড়িত হওয়ার দরকার নেই। ৩৩৫ রানের বিশাল ব্যবধানে হেরে প্রথম টেস্টের এক দিন বাকি থাকতেই হিসাব মিলিয়ে দিয়েছে বাংলাদেশ দল। রানের ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। টেলরকে পেছনে ফেলতে পারলেও দুই ইনিংস মিলিয়েও বাংলাদেশের রানটা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ১০৮ কম। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে জিম্বাবুয়ে শুধু শুধুই দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ের কষ্টটা করল।জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নেও চাপে থাকে বাংলাদেশ দল। কিন্তু শ্রীলঙ্কায় এত ভালো একটা সিরিজ খেলে আসার পরও এ রকম অন্তহীন চাপে ভোগার কারণ যে কী, সেটা খেলোয়াড়েরাই ভালো বলতে পারবেন। তবে প্রেসবক্স থেকে যতটা না চাপ, তার চেয়ে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকেই লজ্জাজনক পরাজয়ের বড় কারণ মনে হচ্ছে। চোখের সামনে পর পর দুই ইনিংসে টেলরকে ও রকম ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে দেখেও কিছুই না শেখার আর কী ব্যাখ্যা হতে পারে!তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জার্ভিস বলে গিয়েছিলেন, টেলরের সেঞ্চুরি হয়ে গেলে হয়তো ইনিংস ঘোষণা করে দেবে জিম্বাবুয়ে। কাল সকালে মাত্র ৮ ওভার ব্যাটিং করেই সে ‘প্রতিশ্রুতি’ রাখল তারা। সেঞ্চুরি করার ওভার শেষেই ইনিংস ঘোষণা। তার আগে দিনের তৃতীয় ওভারে রবিউলের মাথার ওপর দিয়ে একটা চার এবং ওই ওভারেই লং অন দিয়ে মারা ছক্কায় কাজ এগিয়ে নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। প্রথম ইনিংসে ১৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২। বাংলাদেশের বিপক্ষে এ নিয়ে পঞ্চমবারের মতো ঘটল এক টেস্টের দুই ইনিংসেই কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি করার ঘটনা। এমন কীর্তির পর অবধারিতভাবে ম্যান অব দ্য ম্যাচ টেলর, সঙ্গে দুই ইনিংসে চার ছক্কা মেরে পেলেন টেস্ট ক্রিকেটের সাম্প্রতিকতম ও অভিনব সংযোজন সুপার সিক্সের পুরস্কারও।২২৭ রানে জিম্বাবুয়ের ইনিংস ঘোষণার পর জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৮৩। হাতে প্রায় দুই দিন সময় থাকার পরও এটা একরকম অসম্ভবই ছিল। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ৪৮২ রানের লিডের সঙ্গে নয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াইটা ছিল আসলে সময়ের সঙ্গে, নিজেদের সামর্থ্যের সঙ্গে। দুঃখজনক হলেও সত্যি, পাস মার্কস মিলল না কোনোটাতেই।টেলরের কাছ থেকে শেখা দূরে থাক, খেলোয়াড়েরা সম্ভবত মনে রাখেননি নিজেদের কোচ শেন জার্গেনসেনের পড়িয়ে দেওয়া মন্ত্রও। তৃতীয় দিন শেষে কোচ নাকি বলেছিলেন, জিম্বাবুয়ে দলে কেবল টেলরেরই সেঞ্চুরি করার সামর্থ্য আছে। আর বাংলাদেশ দলে এই সামর্থ্য আছে অন্তত ৬-৭ জন ব্যাটসম্যানের। দ্বিতীয় ইনিংসে তাঁদের এক-দুজন দাঁড়িয়ে যেতে পারলেই বদলে যেতে পারে হারারে টেস্টের চিত্রনাট্য।বাস্তবে ঘটল উল্টোটা। অসম্ভব এক লক্ষ্যের সামনে দাঁড়িয়ে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। অথচ ব্যাটসম্যানরা কিনা ধৈর্যহারা শুরু থেকেই! ওপেনার শাহরিয়ার নাফীস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান—প্রথম ইনিংসের বাজে আউটের ধারাবাহিকতা ধরে রেখে উইকেটে এলেন আর গেলেন। সঙ্গে জহুরুল ইসলামের বিতর্কিত কট বিহাইন্ড, স্লিপে টেলরের নেওয়া মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচ আর আশরাফুলের অকারণে দৌড় দিয়ে বোকার মতো রানআউট হওয়া বাংলাদেশের সূর্য ডুবিয়ে দিল চতুর্থ দিন চা-বিরতির পরপরই।জিম্বাবুয়ের কোন বোলার কয়টি উইকেট পেলেন, সেটা আর নাই-বা বলা হলো। উইকেট তো তাঁরা আসলে নেননি, পেয়েছেন ‘উপহার’।জিম্বাবুয়ে: ৩৮৯ ও ২২৭/৭ ডি.বাংলাদেশ: ১৩৪ ও ১৪৭ফল: জিম্বাবুয়ে ৩৩৫ রানে জয়ী