চার দিনেই শেষ, তারপরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ: ২৪০ ও ২৬৫শ্রীলঙ্কা: ৩৪৬ ও ১৬০/৩ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ীশেষটা হলো প্রতীকী। লাহিরু থিরিমান্নে কাভার দিয়ে যে শটটি খেললেন, সেটি নির্ঘাত বাউন্ডারি। কিন্তু এই টেস্টের শুরু থেকে প্রেমাদাসার আউটফিল্ড যে ‘খেল’ দেখিয়ে গেল, শেষবেলায় কীভাবে তার ব্যতিক্রম হয়! সীমানার কাছে গিয়ে আটকে গেল বল। থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস জয়োল্লাস শুরু করে হঠাৎ বুঝতে পারলেন, জয়সূচক রানটা তাঁদের দৌড়েই নিতে হবে।পুরো একটা দিন সামনে পড়ে। চতুর্থ দিনের খেলারও ঘণ্টা খানেক বাকি। তবে ৭ উইকেটে জয়-পরাজয় আর চার দিনেই খেলা শেষ বলতে যা বোঝায়, টেস্টটা কি আসলেই এতটা একপেশে ছিল? শ্রীলঙ্কা কি খুব সহজেই জিতল?পালাবদলের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার এই দলে তরুণ খেলোয়াড়ের ছড়াছড়ি। আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের পার্থক্য তাঁদের না বোঝারই কথা। প্রশ্নটা তাই কুমার সাঙ্গাকারাকেই করা উচিত।ও হ্যাঁ, সাঙ্গাকারা শেষ ইনিংসটাতে ‘ব্যর্থ’! আগের তিন ইনিংসেই যাঁর সেঞ্চুরি, ৫৫ রানে আউট হয়ে যাওয়াটা তো ব্যর্থতাই! সিরিজ-সেরার পুরস্কার হাতে নিয়ে মুশফিকুর, আশরাফুল ও বাংলাদেশের বোলারদের অভিনন্দন জানালেন সাঙ্গাকারা। প্রথম দুজনকে অভিনন্দন জানানোর কারণটা অনুমান করাই যায়—প্রথম টেস্টে দারুণ ওই দুটি ইনিংস। বোলারদের অভিনন্দন জানানোটা খুব তাৎপর্যপূর্ণ। সিরিজে ১১০.২৫ গড়ে ৪৪১ রান সাঙ্গাকারার। তবে বাংলাদেশের বিপক্ষে রান করতে এত কষ্ট যে করতে হয়নি এর আগে!টেস্টে ২০ উইকেট নেওয়ার মতো বোলার নেই—এই সত্যিটা মেনে নিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তার পরও এখানে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে অলআউট করা গেছে। দ্বিতীয় ইনিংসেও ১৬০ রান হাসতে হাসতে করে ফেলতে পারেনি শ্রীলঙ্কা। বোলাররা যা করেছেন, এর চেয়ে বেশি কিছু বোধ হয় তাঁদের কাছে প্রত্যাশিত ছিল না।গলে ড্র সম্ভব হয়েছিল ব্যাটসম্যানদের কল্যাণে। এখানে দুই ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি বোলারদের কৃতিত্বকে সেভাবে উদ্ভাসিত হতে দিল না। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসের চেয়ে ২৫ রান বেশি করল। কিন্তু প্রথম ইনিংসে ১০৬ রানের ঘাটতি যে আরও অনেক বেশি কিছু দাবি করছিল।চতুর্থ দিনের শুরুতেই অবশ্য প্রায় নিশ্চিত হয়ে গেল, এই টেস্ট পঞ্চম দিনের মুখ দেখছে না। প্রথম ওভারেই মমিনুলকে ফিরিয়ে দিলেন হেরাথ। যদিও বাংলাদেশ শিবিরের দাবি, ফিরিয়েছেন আসলে আম্পায়ার। বল মমিনুলের থাই প্যাডে লেগে শর্ট লেগে যাওয়ার আগে তাঁর ব্যাটের ছোঁয়া পায়নি।তামিম ইকবাল তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কাকে ২৭৫ রানের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। বলে দিয়েছিলেন স্বপ্নপূরণের পূর্বশর্তটাও। মুশফিকুর ও মমিনুলের শতরানের জুটি, এরপর নাসির তো কিছু একটা করবেই। শতরানের বদলে ১৭ রানের জুটি আর নাসির করলেন শূন্য! লাঞ্চের আগেই কি তাহলে প্রেমাদাসা ভাঙা হাট হয়ে যাচ্ছে!তা অবশ্য হলো না। মুশফিকুরের ৪০ আর সোহাগ গাজী ও আবুল হাসানের ‘মরার আগে শেষ চেষ্টা’য় বাংলাদেশের ইনিংসটাই স্থায়ী হলো লাঞ্চ পর্যন্ত। ম্যাচের আগে পেসারদের উইকেট-পেসারদের উইকেট বলে এমন রব, অথচ বাংলাদেশের সর্বনাশ করলেন কিনা এক স্পিনার!কাল বাংলাদেশের ৬ উইকেটের ৪টিই রঙ্গনা হেরাথের। ৮৯ রানে ৭ উইকেট টেস্ট ক্রিকেটে তাঁর সেরা বোলিং। সেরা ১৫৭ রানে ১২ উইকেটের ম্যাচ-ফিগারও (আগের সেরা ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে গলে ১২/১৭১)।বাংলাদেশে বাঁহাতি স্পিনারের এমন ছড়াছড়ি। অথচ সেই বাঁহাতি স্পিনই ধসিয়ে দিল এমন! উইকেটও যে এমন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এমন নয়। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয় পেয়ে আনন্দের চেয়ে স্বস্তি বেশি পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করিয়ে দিলেন, উইকেট যেমনই হোক, হেরাথ কিছু না কিছু করবেই। কীভাবে তা করেন? ম্যাথুস আর মুশফিকুর রহিমের ব্যাখ্যা এখানে মিলে গেল। একটু আগে ম্যাথুস বলে গেছেন, ‘ওভারের ছয়টি বলই হেরাথ এক জায়গায় ফেলতে পারে। খুব বেশি বোলারের এই ক্ষমতা নেই।’ মুশফিকুর আরেকটু এগিয়ে গিয়ে বললেন, ‘চোখ বন্ধ করে বোলিং করলেও ও বোধ হয় একই জায়গায় বল ফেলতে পারবে।’লেংথের ওপর এই অবিশ্বাস্য নিয়ন্ত্রণের সঙ্গে ফ্লাইট আর টার্নের বৈচিত্র্য মিলে রঙ্গনা হেরাথ এখন শ্রীলঙ্কান ক্রিকেটের ‘নতুন মুরালিধরন’। এই তুলনাটা শুনে হেরাথ জিবে কামড় দিয়েছিলেন। ম্যাথুসও আপত্তি করলেন, তবে মুরালির বিদায়ের পর শ্রীলঙ্কার বোলিং-ভরসা বলতে যে হেরাথই—এটা না বলে কোনো উপায় থাকল না।মুরালি-উত্তর যুগে এটি শ্রীলঙ্কার মাত্র পঞ্চম জয়। সব কটিতেই হেরাথের বড় অবদান। মুরালির বিদায়ের পর গত দুই বছরে যত উইকেট নিয়েছেন, মুরালি আর ভাস ছাড়া শ্রীলঙ্কার আর কোনো বোলার ক্যারিয়ারেও তা নেননি। ওই দুজনের পর তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেললেন কাল। এর সঙ্গে ম্যাচসেরার স্বীকৃতিটা যোগ হয়ে নিজেই নিজেকে বড় উপহারটা দিয়ে ফেললেন।৩৫তম জন্মদিনের উপহার!